ঢাকা অর্থনীতি ডেস্ক:
বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে, বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠক শেষে কমিটি আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করে।
বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
এর একদিন আগে, রবিবার (১৭ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটি দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দেয়। সে অনুযায়ী সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা পালিত হবে আগামী ২৭ মে, বুধবার। আর পবিত্র আরাফাত দিবস হবে ৯ জিলহজ মোতাবেক ২৬ মে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলে আসা রীতি অনুযায়ী চাঁদ দেখা যাক বা না যাক, সৌদি আরবের ঠিক একদিন পরই বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে আসছে — তা ঈদুল ফিতর হোক কিংবা ঈদুল আজহা। সেই হিসেবে বাংলাদেশে ২৮ মে ঈদুল আজহা উদযাপনের বিষয়টি কার্যত আগে থেকেই নিশ্চিত ছিল। অপেক্ষা ছিল কেবল জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার, যা অবশেষে এলো।
এদিকে এবারের ঈদুল আজহা উপলক্ষে সরকার সাত দিনের টানা ছুটি ঘোষণা করেছে। আগামী ২৫ মে থেকে শুরু হয়ে এই ছুটি শেষ হবে ৩১ মে। দীর্ঘ এই ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত যেমন সুশৃঙ্খলভাবে সামলানো সম্ভব হবে, তেমনি কর্মজীবী মানুষেরাও পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।










কমেন্ট করুন