ঢাকা অর্থনীতি ডেস্ক:
পণ্যমান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার কাজী ইমদাদুল হক।
গত ৩০ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে বিএসটিআইতে যোগদান করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শর্তে কাজী ইমদাদুল হককে চুক্তিভিত্তিকভাবে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে সচিব পদমর্যাদায় তিনি দায়িত্ব পালন করবেন।
রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, বিসিএস (কর) ক্যাডারের সপ্তম ব্যাচের এই জ্যেষ্ঠ কর্মকর্তা এর আগে কর আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ও এনবিআরের কর কমিশনার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। গবেষণা ও লেখালেখির সঙ্গেও তাঁর সক্রিয় সম্পৃক্ততা রয়েছে।
১৯৮৮ সালে সরকারি চাকরিতে প্রবেশ করা কাজী ইমদাদুল হক তিন দশকেরও বেশি সময় ধরে কর প্রশাসনের নানা গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। আন্তর্জাতিক করনীতি ও দ্বৈত কর পরিহার চুক্তির ক্ষেত্রে তাঁর বিশেষ অভিজ্ঞতা রয়েছে। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।










কমেন্ট করুন