Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

৩ দিনের ব্যবধানে দুই দফা বাড়ল স্বর্ণ ও রুপার দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩০ হাজার

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

দেশের বাজারে মাত্র তিন দিনের ব্যবধানে স্বর্ণ ও রুপা উভয় ধাতুর দামই টানা দুই দফায় বৃদ্ধি করা হয়েছে। সবশেষ সোমবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে মূল্যবান এই দুই ধাতুর দাম নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, টানা দুই দফায় স্বর্ণের দাম ভরিপ্রতি ১২ হাজার ৭২ টাকা এবং রুপার দাম ৫২৪ টাকা বৃদ্ধি পেয়েছে। সোমবার স্বর্ণের ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।

এদিকে, রুপার দামও ভরিপ্রতি মোট ৫২৪ টাকা বেড়েছে। বাজুসের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ১৩২ টাকায় বিক্রি হচ্ছে।

রুপার ক্যারেটভিত্তিক বর্তমান ভরিপ্রতি দামের বিস্তারিত তালিকা:

  • ২২ ক্যারেট: ৫,৩৬৫ টাকা।

  • ২১ ক্যারেট: ৫,১৩২ টাকা।

  • ১৮ ক্যারেট: ৪,৪৩২ টাকা।

  • সনাতন পদ্ধতি: ৩,৩২৪ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্যতালিকা গতকাল সোমবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন