Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

হরমুজে ২০ শতাংশ ফি আরোপের পরিকল্পনা থেকে সরে এলেন ট্রাম্প

ঢাকা অর্থনীতি ডেস্ক:

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগের আহ্বান জানিয়ে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) বিবিসির লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা। বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনার সময়ও তিনি বারবার যুক্তরাষ্ট্রে বিনিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন।

ট্রাম্প দাবি করেছেন, এসব চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ আসবে এবং নতুন কারখানা ও শিল্প স্থাপনা গড়ে উঠবে। তবে এ পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। পাশাপাশি যেসব উপসাগরীয় দেশকে তিনি এই বিনিয়োগ পরিকল্পনার অংশীদার হিসেবে উল্লেখ করেছেন, তাদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্রাম্পের সর্বশেষ পোস্টের শেষ অংশ নিয়েও নানা প্রশ্ন উঠেছে। সেখানে তিনি বলেছেন, ‘ইরানে বিক্ষোভকারীদের হত্যা করার দিন শেষ।’ তবে কীভাবে তিনি এ লক্ষ্য বাস্তবায়ন করবেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

পোস্টে তিনি আরও বলেন, হরমুজ প্রণালি ইরান ছাড়া সব ধরনের জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। ট্রাম্প বলেন, ‘তাদের মিথ্যাবাদী, সহিংস, বিদ্বেষপূর্ণ নেতৃত্ব, তাদেরকে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।’ একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ অবরোধ’ আরোপ করা হবে বলেও জানিয়েছেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন