বগুড়া প্রতিনিধি:
বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে আহতদের উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে থাকা একটি বৈদ্যুতিক পিলারে ধাক্কা দেয়। ওই সময় সেখানে কাজের সন্ধানে বেশ কয়েকজন শ্রমিক অপেক্ষা করছিলেন। নিয়ন্ত্রণ হারানো বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হন।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।










কমেন্ট করুন