Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

রাজধানীর পল্লবীতে জোড়া ককটেল বিস্ফোরণ, আগুনে দগ্ধ ১ কুরিয়ার কর্মী

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
রাজধানীর পল্লবী এলাকায় একটি কুরিয়ার সার্ভিস কার্যালয়ের সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কুরিয়ার সার্ভিসের এক তরুণ কর্মী ককটেলের আগুনে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।
বিস্ফোরণের ঘটনার পরপরই অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।
দগ্ধ কর্মচারীর নাম রমজান ওরফে বাপন (২১)। তিনি উক্ত কুরিয়ার সার্ভিসের শ্রমিক হিসেবে নিয়োজিত রয়েছেন। ককটেল হামলায় ঝলসে যাওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-৬-এর পল্লবী থানা এলাকার সি ব্লকের ৪ নম্বর অ্যাভিনিউয়ের ১২ নম্বর বাড়ির সামনে এই নাশকতার ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, রাতে ‘এজিআর’ কুরিয়ার সার্ভিস কার্যালয়ের সামনে হঠাৎ পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কুরিয়ারের এক কর্মী দগ্ধ হন এবং তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সংগৃহীত সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুরিয়ার সার্ভিস অফিসের সামনে প্রথম ককটেলটির বিস্ফোরণ ঘটে। ককটেলের আগুনের শিখা ছিটকে এসে সেখানে কর্মরত শ্রমিক বাপনের শরীরে লাগলে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।
পরবর্তীতে রাত ৯টার দিকে দগ্ধ অবস্থায় ২০ বছর বয়সী পাপনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় ওই তরুণের শরীরের আনুমানিক ২০ শতাংশ ফ্লেম বার্ন (আগুনে পোড়া) শনাক্ত করা গেছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন