Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

সঞ্চয়পত্রে সর্বোচ্চ ১১.৭৬% মুনাফা, জেনে নিন কোন সঞ্চয়মাধ্যমে লাভ সবচেয়ে বেশি

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

নিরাপদ বিনিয়োগ ও নিশ্চিত মুনাফার কারণে দেশের সাধারণ মানুষের কাছে সঞ্চয়পত্র এখনও অন্যতম জনপ্রিয় একটি সঞ্চয়মাধ্যম। গ্রাহকদের সঠিক সিদ্ধান্তের সুবিধার্থে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির আলোকে বিভিন্ন মেয়াদি সঞ্চয়পত্রের হালনাগাদ মুনাফার হার, বিনিয়োগের সর্বোচ্চ সীমা এবং প্রয়োজনীয় কাগজপত্রের বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো।

কোন সঞ্চয়পত্রে মুনাফা কত? বর্তমানে সব ধরনের সঞ্চয়পত্রের মধ্যে সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যাচ্ছে পেনশনার সঞ্চয়পত্রে। এই মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে বার্ষিক সর্বোচ্চ ১১.৭৬ শতাংশ হারে মুনাফা পাওয়া যাবে, যা প্রতি লাখ টাকা বিনিয়োগের বিপরীতে মাসিক ৯৮০ টাকা হিসেবে গ্রাহককে প্রদান করা হবে।

অন্যদিকে, শুধুমাত্র নারীদের জন্য বিশেষভাবে চালু থাকা ৫ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে ১১.৫২ শতাংশ হারে মুনাফা মিলবে। একইভাবে, ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সর্বোচ্চ ১১.০৪ শতাংশ এবং ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সর্বোচ্চ ১১.২৮ শতাংশ হারে বার্ষিক মুনাফা নির্ধারণ করা হয়েছে।

বিনিয়োগের সর্বোচ্চ সীমা সঞ্চয়পত্রের ধরনভেদে একক নামে বিনিয়োগের সর্বোচ্চ সীমাও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে:

  • পরিবার সঞ্চয়পত্র: একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা।

  • পেনশনার সঞ্চয়পত্র: একক নামে সর্বোচ্চ ৫০ লাখ টাকা।

  • বাংলাদেশ সঞ্চয়পত্র ও ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র: একক নামে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে।

প্রয়োজনীয় কাগজপত্র ও নিয়মাবলি সঞ্চয়পত্র ক্রয়ের জন্য গ্রাহকের সোনালী ব্যাংক বা যেকোনো সরকারি ব্যাংকে নিজ নামে একটি কার্যকর সঞ্চয়ী হিসাব (সেভিংস অ্যাকাউন্ট) থাকতে হবে। আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি, পাসপোর্ট সাইজের ছবি, নিবন্ধিত মোবাইল নম্বর এবং নিয়ম অনুযায়ী কর রিটার্ন স্লিপ জমা দিতে হবে। উল্লেখ্য, ১০ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রিটার্ন স্লিপ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এ ছাড়া বিশেষায়িত পেনশনার সঞ্চয়পত্র কিনতে হলে গ্রাহককে পেনশন পেমেন্ট অর্ডার (পিপিও) এবং আনুতোষিক (গ্র্যাচুইটি) সংক্রান্ত প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্রও জমা দিতে হবে।

মুনাফা ও আসল উত্তোলন ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সঞ্চয়পত্রের অর্জিত মুনাফা স্বয়ংক্রিয়ভাবে (অটোমেটিক) গ্রাহকের নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা হয়ে যাবে। একইভাবে, মেয়াদ শেষে মূল বা আসল টাকাও সরাসরি অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। তবে কোনো গ্রাহক যদি সঞ্চয়পত্র নবায়ন করতে চান, তবে মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ১০ দিন আগে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে।

প্রসঙ্গত: উল্লিখিত সব ধরনের মুনাফার হার থেকে সরকারি নিয়মানুযায়ী প্রযোজ্য ট্যাক্স বা উৎস কর (এআইটি) কর্তন করা হবে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন