Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ, দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি

বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

শারদীয় দুর্গাপূজার অতিরিক্ত ছুটি সমন্বয় করতে আগামী শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফশিলি ব্যাংক খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ২০ থেকে ২২ অক্টোবর পূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিন ছুটি পাবেন।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নানের স্বাক্ষরে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপন অনুযায়ী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে। এর বিকল্প হিসেবে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন চলবে।

ছুটির সময়ও আমদানি-রপ্তানি কার্যক্রম যাতে সচল থাকে, সে জন্য বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু রাখতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে একদিনের বাড়তি ছুটি ঘোষণা করে সরকার। পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। পরে ২২ অক্টোবরও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।

এই তিন দিনের সরকারি ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিন অবকাশ পাবেন। বাড়তি ছুটি সমন্বয়ের অংশ হিসেবেই ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন