Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ভ্যাট রিটার্ন জমার সময় ২৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। সুদ ও জরিমানা ছাড়াই আগামী ২৫ অক্টোবর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

বৃহস্পতিবার (১৫ আক্টোবর) এনবিআরের দ্বিতীয় সচিব (মূল্য সংযোজন কর মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) শেখ মো. মাসুদুর রহমানের স্বাক্ষরে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ প্রতি তিন কর মেয়াদ শেষে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান সংশোধন করে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। নতুন এ বিধান কার্যকর হওয়ায় ই-ভ্যাট সিস্টেমে কিছু প্রশাসনিক সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ প্রেক্ষাপটে জনস্বার্থে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারার উপ-ধারা (২)-এ দেওয়া ক্ষমতাবলে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বাড়ানো হলো।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ভ্যাট রিটার্ন জমার শেষ সময় ছিল ১৫ অক্টোবর।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন