Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

যুক্তরাষ্ট্রের সাথে নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, ডোনাল্ড ট্রাম্পকে ইরানের কঠোর হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে কোনো সংঘাত বা যুদ্ধ শুরু হলে তা আগের যেকোনো লড়াইয়ের চেয়েও দীর্ঘস্থায়ী হতে পারে বলে চরম হুঁশিয়ারি প্রদান করেছে ইরান। একই সাথে সম্ভাব্য এই যুদ্ধ কখন এবং কী শর্তে শেষ হবে, তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এককভাবে নির্ধারণ করতে পারবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছে দেশটি।
রোববার (১ নভেম্বর) ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামনিয়া রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এই কঠোর সতর্কবার্তা দেন।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা প্রশমণে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে নতুন করে সামরিক হামলার হুমকি দেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই Tehran-এর পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করা হলো।
সেনাবাহিনীর মুখপাত্র আকরামনিয়া বলেন, “ভবিষ্যতে সম্ভাব্য কোনো যুদ্ধ শুরু হলে তা আগের সংঘাতের চেয়েও দীর্ঘ হতে পারে। আর সেই সংঘাত কখন বা ঠিক কী শর্তে শেষ করা হবে, তা এককভাবে নির্ধারণের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের হাতে থাকবে না।”
এর আগে ট্রাম্প ফ্লোরিডায় নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ইরানে এখনও ধ্বংস করার মতো এক-দুটি বিশেষ লক্ষ্যবস্তু অবশিষ্ট রয়েছে, যেখানে মাত্র ১০ মিনিটের ব্যবধানে হামলা চালানো সম্ভব। এ সময় তিনি ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামক ভূগর্ভস্থ সন্দেহভাজন পারমাণবিক কেন্দ্রটির কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলার মাধ্যমে এই সংঘাতের সূচনা ঘটে। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানের পাশাপাশি লেবানন ও ইয়েমেনের মিত্র গোষ্ঠীগুলোকেও সমরে নামায়।
এদিকে রোববার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবিও এক কড়া বার্তা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘাতের ক্ষেত্র কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে আবদ্ধ থাকবে না। প্রতিপক্ষের সর্বোচ্চ ক্ষতিসাধন করতে বিস্তৃত রণক্ষেত্র প্রস্তুত রাখা হয়েছে। এর আগের দিন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি লিখিত বার্তায় একই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।
অন্যদিকে, ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি জানান যে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো এক বার্তা তিনি গ্রহণ করেছেন, যেখানে যুক্তরাষ্ট্রের সুর কিছুটা শিথিল মনে হলেও ইরান তার আগের অবস্থানেই অনড় রয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন, বিদেশে জব্দ সম্পদ অবমুক্ত করা, নৌ ও বাণিজ্যিক অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়া এবং সর্বাত্মক যুদ্ধ বিরতির শর্ত না মানলে জ্বালানি পরিবহনের কৌশলগত মাধ্যম ‘হরমুজ প্রণালি’ কোনোভাবেই খুলে দেওয়া হবে না।
সার্বিক উদ্ভূত পরিস্থিতি নিয়ে আশঙ্কার কথা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বাহরাইনের মানামায় আয়োজিত এক সম্মেলনে বলেন, “আমরা আশা করি কূটনৈতিক আলোচনা সফল হবে। তবে অঞ্চলটির স্বার্থে নতুন যুদ্ধ কাম্য না হলেও আমরা সব ধরণের খারাপ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছি।”
ইরানের রাজধানী তেহরানের সাধারণ অধিবাসীদের মধ্যেও নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার খবরে গভীর উদ্বেগ ও মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন