Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র মিরপুর, গাজীপুর ও সাভার; আটক ৩০

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে টানা চতুর্থ দিনের মতো চলমান শ্রমিক আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা, গাজীপুর ও সাভারের বিভিন্ন শিল্পাঞ্চল। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই আন্দোলনে পোশাক শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে পল্লবীতে পুলিশের একটি গাড়িতে এবং গাজীপুরে পুলিশ বক্সে আগুন দেওয়ার মতো নাশকতা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে।
গোয়েন্দা ও সরকারি দায়িত্বশীল সূত্রগুলোর দাবি, সাধারণ শ্রমিকদের এই যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ সংগঠনটির অন্তত ৩০ জন নেতা-কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে শুধু মিরপুর বিভাগেই ১১ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
নাশকতার অভিযোগে আটক ও ইন্ধনদাতারা: গোয়েন্দা সূত্র জানিয়েছে, মিরপুর ও এর আশপাশের এলাকায় নাশকতার চেষ্টা চালাতে শ্রমিকদের মিছিলে মিশে গিয়েছিল দুই শতাধিক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। এদের একটি অংশকে আগের রাতেই ‘গেরিলা-৭১’ ও ‘প্রজন্ম ৭১’ নামের দুটি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল।
মিরপুরে নাশকতার পরিকল্পনা ও সমন্বয়ের সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে আলিফ মোল্লা, যুবলীগ নেতা তাজুল ইসলাম বাপ্পি এবং মহানগর উত্তর আওয়ামী লীগের মামুন জড়িত ছিলেন বলে জানা গেছে। এছাড়া পল্লবী ও রূপনগর এলাকার বেশ কয়েকজন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা নাশকতায় সরাসরি ইন্ধন ও নেতৃত্ব দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন ও সংঘর্ষ: গতকাল সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের এলাকায় পোশাক শ্রমিকরা মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন। বেলা ১১টার দিকে পুলিশ তাদের সড়ক ছেড়ে যাওয়ার অনুরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শ্রমিকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শ্রমিকরা রাস্তার পাশের কিছু দোকানপাট ও যমুনা ব্যাংকের গ্লাস ভাঙচুর করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মুহুর্মুহু টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ এলাকায় শ্রমিকরা পুনরায় সংগঠিত হয়ে মেট্রোরেল স্টেশনের নিচে থাকা পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেন। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে তাদেরও বাধা দেওয়া হয়। দীর্ঘ চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষের কারণে অফিসগামী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। দুপুর ২টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুরে পুলিশ বক্সে আগুন ও মহাসড়ক অবরোধ: গাজীপুরের শিল্পাঞ্চলেও দিনভর তীব্র উত্তেজনা বিরাজ করছিল। কোনাবাড়ী থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে টায়ার ও কাঠের টুকরোতে আগুন জ্বালিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন।
পল্লীবিদ্যুৎ এলাকায় যমুনা ব্যাংক, বিভিন্ন কারখানার ফটক এবং মৌচাক ও কোনাবাড়ী পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালানো হয়। এমনকি কোনাবাড়ী পুলিশ বক্স এবং আনসার একাডেমির সামনে পুলিশের একটি গাড়িতেও আগুন দেওয়া হয়। কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের একটি কারখানার ঝুট গুদামেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে চলা এই অবরোধ ও সংঘর্ষের পর পুলিশ, বিজিবি ও অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ হস্তক্ষেপে দুপুর আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সাভার-আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া: অন্যদিকে, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় আল-মুসলিম অ্যাপারেলস, নিউএইজ গ্রুপ ও ট্রাউজার লাইন লিমিটেডের শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়কে অবস্থান নেন। পরে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে অন্যান্য কারখানার শ্রমিকদের সঙ্গে নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। অনন্ত গার্মেন্টসের সামনে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা প্রতিহত করতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
৫২৯ কারখানা বন্ধ ও মন্ত্রীর সফর বাতিল: টানা এই শ্রমিক অসন্তোষের মুখে নিরাপত্তা জনিত কারণে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ এবং সাভার-আশুলিয়া ও জিরানী এলাকার মোট ৫২৯টি পোশাক কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে উদ্ভূত জাতীয় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী তার নির্ধারিত সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন।
পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন: শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের জন্য ৬ সদস্যের একটি নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। গঠিত এই বোর্ডে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বোর্ডের অন্য সদস্যরা হলেন—মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএ পরিচালক এ বি এম সামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব; শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন; এবং নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ। শ্রমমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করার জন্য বোর্ডের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মালিকপক্ষের প্রতিক্রিয়া ও হুঁশিয়ারি: পরিস্থিতি নিয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, অধিকাংশ শ্রমিক ও মালিকপক্ষ কারখানা সচল রাখতে চাইলেও গুটি কয়েক বিশৃঙ্খলাকারী ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। উদ্ভূত পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে উদ্যোক্তাদের পক্ষে কারখানা টিকিয়ে রাখা সম্ভব হবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করে আইন লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন