Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
তৈরি পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের আর্থিক সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন।
রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। মজুরি বোর্ডকে পরামর্শ দেওয়ার পাশাপাশি শ্রম মন্ত্রণালয়কে শ্রমিকদের স্বার্থ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।”
তিনি আরও বলেন, “সরকার শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও অগ্রগতি চায়। বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের উন্নয়ন এবং রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থান বাড়ানো সরকারের মূল লক্ষ্য।” এই প্রসঙ্গে পোশাকশিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি জানান, সরকার চায় এ শিল্প আরও এগিয়ে যাক এবং রপ্তানি খাত সমৃদ্ধ হোক।
মজুরি বোর্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের জন্য প্রতি তিন বছর অন্তর মজুরি বোর্ড গঠনের আইনি বিধান রয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত সময় থাকলেও সরকার আন্তরিকতার সঙ্গে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে আগেই বোর্ড গঠনের উদ্যোগ গ্রহণ করে। মালিকপক্ষ প্রতিনিধির নাম আগে দিলেও শনিবার রাতে শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধির নাম পাওয়া যায় এবং এর প্রেক্ষিতে রোববার সকালেই মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই বোর্ডে উভয়পক্ষের প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে শ্রমিকদের সম্মানজনক জীবনযাপন ও আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করবেন।
সহিংস আন্দোলনের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনার পথ খোলা থাকা সত্ত্বেও আন্দোলনের নামে পুলিশের গাড়িতে আগুন দেওয়া, হামলা, যানবাহন ভাঙচুর ও কারখানায় অগ্নিসংযোগের মতো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্টভাবে জানান, সহিংসতায় জড়িত ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে দমন করবে।
আন্দোলনে বহিরাগত উসকানির বিষয়ে তিনি উল্লেখ করেন, সরকারের কাছে থাকা তথ্য অনুযায়ী, নিরীহ পোশাক শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে কেউ কেউ ইন্ধন জোগাচ্ছে। এর উদ্দেশ্য হলো দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, রপ্তানি বাণিজ্য ব্যাহত করা এবং উৎপাদন বাধাগ্রস্ত করা। এ ধরনের অপতৎপরতা সরকার কঠোরভাবে মোকাবিলা করছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।
বন্ধ কারখানা খোলার বিষয়ে তিনি জানান, তৈরি পোশাকশিল্পের মালিকদের উৎপাদন কার্যক্রম দ্রুত চালু রাখার আহ্বান জানানো হয়েছে।
কোনো কারণে কারখানা বন্ধ থাকলে তা যেন সাময়িক হয়। মালিক ও শ্রমিকদের পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে উৎপাদন স্বাভাবিক রাখতে এবং রপ্তানি পণ্য সরবরাহ নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
উক্ত পর্যালোচনা বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিএনপির শ্রমিক সংগঠক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন