Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা আদায়

বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির কফিনবন্দী মরদেহ। ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার দুপুর দুইটায় টাম্পায় এই জানাজা অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অনেকে জানাজায় শরিক হন।

মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধিও এতে উপস্থিত ছিলেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং মিনিস্টার গোলাম মোর্তোজা ফেসবুক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, জানাজা শেষে বৃষ্টির মরদেহ টাম্পা ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হবে। দুবাইয়ে ট্রানজিটের পর আগামী ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। মরদেহ পাঠানোর সময় অরল্যান্ডো বিমানবন্দরে মায়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন।

পুরো প্রক্রিয়াটি ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস মায়ামি কনস্যুলেটের সঙ্গে সমন্বয় করে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে তত্ত্বাবধান করছে।

এর আগে ৪ মে আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায় আনা হয়। গোলাম মোর্তোজা জানান, লিমন ও বৃষ্টি উভয়ের মরদেহ দেশে পাঠানোর সম্পূর্ণ ব্যয় বাংলাদেশ সরকার বহন করছে। লিমনের মরদেহ পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন।

গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পড়ুয়া দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। পরে ২৪ এপ্রিল পুলিশ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে এবং দুদিন পর বৃষ্টির মরদেহের কিছু অংশ পাওয়া যায়।

এই দ্বৈত হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিচারপ্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন