Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের দাবি কবির আহমেদ ভূঞার

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া জেলার ১০০টি ইউনিয়নের প্রতিটিতে একটি করে খেলার মাঠ স্থাপনের দাবি জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকের দপ্তরে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষে এ আবেদন করেছেন ভূঞা গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঞা।

লিখিত আবেদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘ব্রাহ্মণবাড়িয়া একটি জনবহুল জেলা। উচ্চ শিক্ষার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও রয়েছে এ জেলার গৌরবময় ঐতিহ্য। খেলাধুলা শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে ছাত্র-ছাত্রী ও কিশোর-কিশোরীদের মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে শারীরিক গঠন ও সুস্থতা নিশ্চিত করতেও খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই পর্যাপ্ত খেলার মাঠের ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি।’

আবেদনে আরও উল্লেখ করা হয়, ‘জেলার বিভিন্ন উপজেলায় মোট ১০০টি ইউনিয়ন রয়েছে। সরকার সম্প্রতি ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মোট ১০০টি খেলার মাঠ নির্মাণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে সক্রিয় পদক্ষেপ কামনা করছি।’

এ বিষয়ে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ভূঞা গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ ভূঞা বলেন, ‘এ যেন স্বপ্নজয়ের আনন্দ! আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী এর সুফল পেতে শুরু করবে, ইনশাআল্লাহ। বিশেষ করে ১০০টি খেলার মাঠের সফল বাস্তবায়ন আমাদের জেলার ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই উদ্যোগের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া খেলাধুলায় একদিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, ইনশাআল্লাহ।’

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন