ঢাকা অর্থনীতি ডেস্ক:
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নকআউট পর্বের সমীকরণ আরও পরিষ্কার হয়ে উঠছে। এখন পর্যন্ত ১২টি গ্রুপের মধ্যে ছয়টির খেলা শেষ হয়েছে। এরই মধ্যে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ১৯টি দল। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ৮টি দল। পাশাপাশি রাউন্ড অব ৩২-এর চারটি ম্যাচের সূচিও চূড়ান্ত হয়েছে।
সবচেয়ে বেশি নজর ছিল ‘এফ’ গ্রুপে। শুরু থেকেই এটিকে ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। শেষ পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী নাটকীয় লড়াই শেষে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। রানারআপ হিসেবে শেষ ৩২-এ উঠেছে জাপান। এছাড়া সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে পরবর্তী পর্বে জায়গা নিশ্চিত করেছে সুইডেন।
এর ফলে রাউন্ড অব ৩২-এ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হয়েছে জাপান। অন্যদিকে নেদারল্যান্ডস লড়বে শক্তিশালী মরক্কোর বিপক্ষে।
এখন পর্যন্ত চূড়ান্ত হওয়া রাউন্ড অব ৩২-এর ম্যাচগুলো হলো:
কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা, ২৮ জুন, রাত ১টা
ব্রাজিল বনাম জাপান, ২৯ জুন, রাত ১১টা
নেদারল্যান্ডস বনাম মরক্কো, ৩০ জুন, সকাল ৭টা
যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ২ জুলাই, সকাল ৬টা
নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুই দল সরাসরি শেষ ৩২-এ জায়গা পাবে। তাদের সঙ্গে যোগ দেবে সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দল। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে রাউন্ড অব ৩২-এর ম্যাচগুলো।
এখন পর্যন্ত শেষ ৩২ নিশ্চিত করেছে যেসব দল:
গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ ‘বি’: সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো
গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া
গ্রুপ ‘ই’: জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন
গ্রুপ ‘আই’: ফ্রান্স, নরওয়ে
গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা
গ্রুপ ‘কে’: কলম্বিয়া
বিদায় নিশ্চিত যাদের
এখন পর্যন্ত টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আটটি দল। তারা হলো, তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও এবং জর্ডান।
এদিকে বাকি ছয়টি গ্রুপের খেলা শেষ হলে রাউন্ড অব ৩২-এর পূর্ণ সূচি ও সব ম্যাচের লাইনআপ চূড়ান্ত হবে। এরপরই শুরু হবে বিশ্বকাপের নকআউট পর্বের আসল লড়াই, যেখানে একটি হারই শেষ করে দেবে শিরোপার স্বপ্ন।










কমেন্ট করুন