Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

বিদেশি পর্যটককে হেনস্তা, কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

নওগাঁ সংবাদদাতা:

নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসা এক বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কথিত কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’-কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) টুরিস্ট পুলিশ ও নওগাঁ জেলা পুলিশের পাহাড়পুর পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পাহাড়পুর বৌদ্ধবিহারে আগত এক বিদেশি পর্যটককে উত্ত্যক্ত ও হেনস্তা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি প্রশাসনের নজরে এলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। কোনো ব্যক্তি পর্যটকদের হয়রানি বা হেনস্তা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁ জেলা পুলিশ ও টুরিস্ট পুলিশ জানিয়েছে, পর্যটকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং পাহাড়পুরের সুনাম অক্ষুণ্ন রাখতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে পর্যটন এলাকায় শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন