ঢাকা অর্থনীতি ডেস্ক:
আইন লঙ্ঘন করে অতালিকাভুক্ত দুটি কোম্পানিতে লগ্নি করা অর্থ সুদসহ ফিরিয়ে আনতে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার বিএসইসির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরে এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড থেকে ২০১৩ সালে অতালিকাভুক্ত বেঙ্গল পলি অ্যান্ড পেপারে দেড় কোটি টাকা ঢালা হয়। প্রতিটি শেয়ার কেনা হয়েছিল ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়াম যুক্ত করে মোট ২৫ টাকায়। বিএসইসি এখন এই বিনিয়োগের বিপরীতে ৩০ কার্যদিবসের মধ্যে ৫ কোটি ৭৪ লাখ টাকা মিউচুয়াল ফান্ডে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত না দিলে ৬ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে ভ্যানগার্ডকে।
এ ছাড়া ২০১৭ সালে একই ফান্ড থেকে অতালিকাভুক্ত এএফসি হেলথে ৬ কোটি টাকা বিনিয়োগ করা হয়। প্রতিটি শেয়ার কেনা হয়েছিল ১০ টাকা অভিহিত মূল্য ও আড়াই টাকা প্রিমিয়ামসহ সাড়ে ১২ টাকায়। এই বিনিয়োগের বিপরীতে ৩০ কার্যদিবসের মধ্যে ১৪ কোটি ৮৫ লাখ টাকা তহবিলে জমা দিতে বলা হয়েছে। ব্যর্থ হলে ১৬ কোটি টাকা জরিমানা দিতে হবে বলে জানিয়েছে বিএসইসি।
সব মিলিয়ে দুটি কোম্পানিতে সাড়ে ৭ কোটি টাকা বিনিয়োগের বিপরীতে মোট ২০ কোটি ৫৯ লাখ টাকা ফেরত আনার নির্দেশ দেওয়া হয়েছে। বিএসইসির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বার্ষিক মুনাফার হার হিসাব করে এই অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
বিএসইসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে জরিমানার অর্থ ভ্যানগার্ডের নিজস্ব তহবিল থেকেই মেটাতে হবে, মিউচুয়াল ফান্ড থেকে নয়। পাশাপাশি ফান্ডের ট্রাস্টি হিসেবে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় ফান্ডের নিরীক্ষক মালেক সিদ্দিকী ওয়ালি অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।










কমেন্ট করুন