ঢাকা অর্থনীতি ডেস্ক:
৪৪তম বিসিএস নন-ক্যাডার নিয়োগের ফাইল দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর দাবিতে রাস্তায় নামলেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ২ হাজার ৯৬৮ জন প্রার্থীর ফাইল অবিলম্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর দাবি জানানো হয়।
সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা জানান, গত ১৯ ফেব্রুয়ারি ফল প্রকাশের পর দুই মাস কেটে গেলেও তাদের দাপ্তরিক ফাইল এখনো পিএসসি থেকে বেরোয়নি। স্বাভাবিকভাবে ফল প্রকাশের ১৫ থেকে ৩৫ দিনের মধ্যে ফাইল পাঠানো হয়ে থাকে, কিন্তু এবার দুই মাস পার হয়ে গেছে। অথচ ৪৪তম বিসিএসের কাজ আটকে থাকলেও পরবর্তী ৪৫তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষার তারিখ ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। প্রার্থীরা আশঙ্কা করছেন, ৪৫তম বিসিএসের প্রার্থীরা আগে যোগদান করলে ৪৪তম বিসিএসের সুপারিশপ্রাপ্তরা জ্যেষ্ঠতা হারাবেন।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানান, কারিগরি পদসহ বিভিন্ন পদের তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলমান থাকায় কিছুটা দেরি হচ্ছে। তবে যত দ্রুত সম্ভব ফাইলগুলো মন্ত্রণালয়ে পাঠানো হবে। এদিকে প্রার্থীরা মে মাসের মধ্যেই পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা শেষ করে চূড়ান্ত নিয়োগ পাওয়ার দাবি জানিয়েছেন।










কমেন্ট করুন