Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী আবদুর রশিদ, নির্বাহী সমন্বয়কারী রুবেল বহাল

গণসংহতি আন্দোলন। ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

গণসংহতি আন্দোলনের বিশেষ সাংগঠনিক সম্মেলনে দেওয়ান আবদুর রশিদ (নীলু) ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী এবং আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়কারী হিসেবে দায়িত্বে বহাল থাকবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার গণসংহতি আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ও আজ সাভারের গণস্বাস্থ্য পিএইচএ কনভেনশন সেন্টারে দলের বিশেষ সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মূল আহ্বান ছিল, ‘জাতীয় পুনর্গঠনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন।’

সম্মেলনের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনে সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা দীর্ঘ আলোচনার পর দলের গঠনতন্ত্র সংশোধন করেন এবং নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত নেন। একই অধিবেশনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে ২১ সদস্যের সম্পাদকমণ্ডলী ও ২১৫ সদস্যের জাতীয় পরিষদের নাম ঘোষণা করা হয়।

দলের পক্ষ থেকে জানানো হয়, গত বছরের ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সম্মেলনে ৫৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছিল। ওই কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। দলীয় প্রধান ও মন্ত্রণালয়ের দায়িত্ব একসঙ্গে না রাখার নীতিগত অবস্থান থেকে তিনি গত ৪ এপ্রিল দলীয় পদ ছেড়ে দেন। এরপর দলের রাজনৈতিক পরিষদের সদস্য ও কৃষকনেতা বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আবদুর রশিদ ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব গ্রহণ করেন।

সমাপনী অধিবেশনে দেওয়ান আবদুর রশিদ বলেন, ‘আমরা এখন জাতীয় পুনর্গঠনের কালে আছি। আমাদের আকাঙ্ক্ষা হলো জনগণের স্বার্থে পরিচালিত হয় এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা। আমরা সেই লক্ষ্যে আমাদের সংগ্রাম অব্যাহত রাখব এবং জনগণের সমর্থন নিয়েই আমরা আমাদের এই সমাজ ও রাষ্ট্রের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব।’

ঘোষিত ২১ সদস্যের সম্পাদকমণ্ডলীতে প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন বাচ্চু ভূঁইয়া। আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক দীপক রায়, রাজনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক তরিকুল ইসলাম, শ্রম খাতবিষয়ক সম্পাদক আলিফ দেওয়ান, জাতিগত বৈচিত্র্যবিষয়ক সম্পাদক উবাথোয়াই মারমা, পরিবেশবিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, অর্থ সম্পাদক অপরাজিতা চন্দ, কৃষি ও খাদ্যনিরাপত্তাবিষয়ক সম্পাদক আবদুল আলীম এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুল্লাহ নাদভী।

এ ছাড়া জেন্ডারবিষয়ক সম্পাদক পপি রানী সরকার, আন্তর্জাতিক সম্পাদক নাসির উদ্দীন, জনস্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক রেক্সোনা পারভীন, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা এবং গণমাধ্যম ও ডিজিটালবিষয়ক সম্পাদক তাহসিন মাহমুদ দায়িত্ব পেয়েছেন।

বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মধ্যে ঢাকা বিভাগের দায়িত্ব পেয়েছেন জুলহাসনাইন বাবু, কুমিল্লা বিভাগের অঞ্জন দাস, চট্টগ্রাম ও সিলেট বিভাগের শহীদ শিমুল, রাজশাহী বিভাগের জুয়েল রানা, রংপুর বিভাগের সাদিক রেজা এবং খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব পেয়েছেন জাহিদ সুজন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন