Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

প্রেমের জেরে মাইকে লোক ডেকে ত্রিমুখী সংঘর্ষ, নাটোরে আহত ১৬

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

প্রেমের বিরোধকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে নাটোরের বড়াইগ্রামে। এতে কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন এবং একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ভাঙচুর হয়েছে।

রোববার (৭ জুন) উভয়পক্ষ নাটোর-পাবনা মহাসড়কে সশস্ত্র অবস্থায় মুখোমুখি দাঁড়িয়ে গেলে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস ও বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার সন্ধ্যা থেকে রোববার দুপুর পর্যন্ত উপজেলার শিবপুর বাজার ও আশপাশের এলাকায় কয়েক দফায় এই সংঘর্ষ চলে।

আহতদের মধ্যে শিবপুর গ্রামের ওয়াজ প্রামাণিককে (৭০) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই গ্রামের আদিল প্রামাণিক, আব্দুল বারেক প্রামাণিক, কামরুল হাসান, ইসরাইল প্রামাণিক, সজিব হোসেন; গোপালপুর কলোনি গ্রামের আব্দুল আওয়াল, রাব্বি মণ্ডল, মেহেদি হাসান (২৫), ইলিয়াস হোসেন এবং গড়মাটি কলোনি গ্রামের নিশাত আহমেদকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, গত ২৯ মে প্রেমের বিরোধের জেরে গোপালপুর মৃধাপাড়া গ্রামের আবিরের সঙ্গে শিবপুরের কয়েকজন কিশোরের ধাক্কাধাক্কি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার আবির ও তার স্বজনরা শিবপুর গ্রামের সজীবকে মারপিট করেন। সেই সময় গড়মাটি গ্রামের ব্যবসায়ী আবু হানিফ পরিস্থিতি থামাতে এগিয়ে গেলে আবিরের স্বজনরা তাকেও মারধর করেন। খবর ছড়িয়ে পড়তেই গড়মাটি কলোনি থেকে হানিফের স্বজনরা লাঠিসোটা নিয়ে শিবপুর বাজারে পৌঁছালে গোপালপুর কলোনি ও শিবপুরের লোকজনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ বেধে যায়। এতে কমপক্ষে ১৫ জন আহত হন।

রোববার সকালে গোপালপুর, শিবপুর ও পার্শ্ববর্তী নারায়ণপুরের লোকজন একজোট হয়ে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে শিবপুর বাজারে অবস্থান নেন। এ সময় গড়মাটি গ্রামের ভ্যানচালক নিশাতকে (৩০) পিটিয়ে আহত করে আটকে রাখা হয়। খবর পেয়ে গড়মাটি কলোনির মানুষজনও সশস্ত্র অবস্থায় মহাসড়কে অবস্থান নিলে পরিস্থিতি চরম উত্তেজনায় রূপ নেয়। পরে ইউএনও পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিশাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম বলেন, “এ ঘটনায় থানায় পৃথক লিখিত অভিযোগ পেয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মঙ্গলবার স্থানীয়ভাবে বসে বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন