ঢাকা অর্থনীতি ডেস্ক:
লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে আরও “নির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক” হামলার সপক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির দোরগোড়ায় পৌঁছে গেছে ওয়াশিংটন। উল্লেখযোগ্য বিষয় হলো, মাত্র দুদিন আগেই লেবাননে হামলা না চালাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ধমক দিয়েছিলেন ট্রাম্প এবং হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।
রোববার (৭ জুন) সম্প্রচারিত এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। সাক্ষাৎকারটি শুক্রবার ধারণ করা হয়েছিল। তার এই বক্তব্যকে অনেক পর্যবেক্ষক বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার প্রতি পরোক্ষ সমর্থন হিসেবে বিবেচনা করছেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি চাই লেবাননের মানুষ আরও ভালো জীবন যাপন করুক। আমি হিজবুল্লাহর বিরুদ্ধে আরও সার্জিক্যাল বা লক্ষ্যভিত্তিক হামলা দেখতে চাই। আমার মনে হয়, হামলাগুলো আরও নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে হওয়া উচিত।”
তবে একই সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিতও দেন এবং জানান, দুই পক্ষ একটি সম্ভাব্য চুক্তির অত্যন্ত কাছাকাছি অবস্থানে রয়েছে।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়েহতে সাম্প্রতিক ইসরায়েলি হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকিকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, একদিকে ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসা এবং অন্যদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে আরও হামলার আহ্বান জানানো, এই দুই পরস্পরবিরোধী অবস্থান অঞ্চলটির পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।










কমেন্ট করুন