ঢাকা অর্থনীতি ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডেতে আগুনঝরা বোলিং করে নজর কেড়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। ১০ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট শিকার করা এই তরুণ গতির বোলারের পারফরম্যান্সের প্রতিফলন দেখা গেছে আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়েও। একই সঙ্গে ব্যাট হাতে ভালো করার পুরস্কার হিসেবে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসানেরও।
বুধবার প্রকাশিত আইসিসির পুরুষদের ওয়ানডে বোলারদের সর্বশেষ সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন নাহিদ রানা।
এর আগে নিউজিল্যান্ড সিরিজ শেষে র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছিলেন বাংলাদেশের এই গতিতারকা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত ছন্দে ছিলেন নাহিদ। ১০ ওভারে ৪১ রান খরচায় ৪ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। তার নেওয়া চারটি উইকেটের প্রতিটি ডেলিভারির গতিই ছিল ঘণ্টায় ১৪৬ কিলোমিটারের বেশি।
বাংলাদেশের অন্যান্য বোলারদের র্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। মুস্তাফিজুর রহমান দুই ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৩৭ নম্বরে। তাসকিন আহমেদ নিজের ৩২তম স্থান ধরে রেখেছেন। তবে এক ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমে গেছেন শরিফুল ইসলাম। আর অধিনায়ক মেহেদী মিরাজ রয়েছেন অষ্টম স্থানে।
ব্যাটারদের র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটি করার সুবাদে তানজিদ হাসান তামিম সাত ধাপ এগিয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত দুই ধাপ উন্নতি করে এখন ২৯তম অবস্থানে রয়েছেন।
তবে সব ব্যাটারের জন্য র্যাঙ্কিং সুখকর হয়নি। হৃদয়, লিটন ও সৌম্য প্রত্যেকে এক ধাপ করে পিছিয়েছেন। সাইফ নেমেছেন দুই ধাপ, আর মেহেদী মিরাজ হারিয়েছেন তিন ধাপ।










কমেন্ট করুন