Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে ১১ জনের মৃত্যু, আহত ২৭

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

তুরস্কের পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী একটি বাস ও টো ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছেন।

রোববার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে দেশটির মানিসা প্রদেশের আখিসার এলাকায় গেবজে-ওরহাঙ্গাজি-ইজমির মহাসড়কের টোল বুথের কাছে দুর্ঘটনাটি ঘটে। আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। টো ট্রাক সাধারণত উদ্ধারকাজে ব্যবহৃত হয়।

মানিসার গভর্নর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন বাসচালকও। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে আটক করেছে পুলিশ।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, উল্টে যাওয়া বাসটির পেছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের পাশে সারিবদ্ধভাবে রাখা ছিল নীল রঙের বডি ব্যাগ।

ঘটনাস্থলে উল্টে যাওয়া টো ট্রাকটি কাঠের তক্তা বহন করছিল বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা চিফচি জানিয়েছেন, নিহতরা নিজ দেশের নাগরিক। তবে হতাহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মানিসার গভর্নর ভাহদেত্তিন ওজকান বলেন, পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সমন্বয়ে ঘটনাস্থলে কাজ চলছে।

এ দুর্ঘটনায় আমরা হাড়েহাড়ে টের পাচ্ছি ট্রাফিক নিয়ম মেনে চলা কতটা জরুরি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন