Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

তিন কিংবদন্তি এক নাটকে

ঢাকা অর্থনীতি ডেস্ক:

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর, দেশের অভিনয় অঙ্গনের তিন কিংবদন্তি শিল্পী। অথচ একসঙ্গে এর আগে কখনো পর্দায় দেখা মেলেনি তাদের।

আবুল হায়াতের নির্দেশনায় ‘শেষ পত্র’ নাটকে দিলারা জামান ও ডলি অভিনয় করলেও সেখানে নিজে অভিনেতা হিসেবে পর্দায় ছিলেন না আবুল হায়াত। তবে এবার তিনজনই একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন ‘দাদি ভয়ংকর’ নাটকে। নাটকটির রচনা ও পরিচালনায় রয়েছেন রাহাত কবির। প্রযুক্তি ও ইন্টারনেটের ইতিবাচক-নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে সাজানো হয়েছে নাটকের গল্প। ইতিমধ্যে শুটিং সম্পন্ন হয়েছে।

নির্মাতা রাহাত কবির জানান, ইন্টারনেটের ভালো দিক যেমন আছে, তেমনি আছে খারাপ দিকও। আমরা চাইলে ভালো দিকটা ব্যবহার করতে পারি, আবার খারাপ দিকটাও ব্যবহার করতে পারি। নাটকে ভালো-খারাপ দুটো দিকই দেখানো হয়েছে, কিন্তু গল্পে মূলত ভালো দিকের প্রতি উৎসাহিত করা হয়েছে।

নাটকটি নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবুল হায়াত বলেন, “ভীষণ ভালো লেগেছে নাটকটিতে কাজ করে। কারণ, সিনিয়র কয়েকজন শিল্পীকে এক করে নাটক নির্মাণ করা খুব কঠিন একটি কাজ। নির্মাতা সেটা করতে পেরেছেন।”

দিলারা জামান বলেন, “প্রযুক্তি আমাদের যতোটা স্বচ্ছন্দ দিচ্ছে ঠিক ততোটা বিপদও ডেকে আনছে। সেই ব্যাপারে মূলত নাটকের মধ্য দিয়ে সবাইকে সাবধান করে দেওয়া। খুব ভালো লেগেছে একসঙ্গে একই নাটকে অভিনয় করে। আমার তো বারবার সেই ‘শেষ পত্র’-এর দিনগুলোর কথা মনে পড়ছিলো।”

ডলি জহুর বলেন, “অনেক বছর আগে আবুল হায়াত ভাইয়ের পরিচালনায় আমরা চারজন একসঙ্গে অভিনয় করেছিলাম, তারমধ্যে শর্মিলী আপা আমাদের মাঝে নেই। আসলে দিলারা আপা, হায়াত ভাইয়ের সঙ্গে এক নাটকে কাজ করাটা যে কতো ভালোলাগার বিষয়, তা ভাষায় প্রকাশের নয়।”

তিন কিংবদন্তির সঙ্গে এই নাটকে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও প্রিয়ন্তী উর্বী। শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন