ঢাকা অর্থনীতি ডেস্ক:
বিমান চলাচলে ব্যবহৃত জ্বালানি তেল বা জেট ফুয়েলের দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শনিবার (২৩ মে) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়। আজ রাত ১২টা থেকে নতুন এই দাম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তা বলবৎ থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে ৩৯ টাকা ৫৭ পয়সা কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ১ দশমিক ৩৩৮৫ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ ডলার করা হয়েছে।
এর আগে গত ৭ মে প্রথম দফায় দাম কমানো হয়েছিল। সে সময় অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ২২৭ টাকা ০৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১ দশমিক ৪৮০৬ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার করা হয়েছিল।
চট্টগ্রামের হযরত শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরসহ ভবিষ্যতে চালু হতে যাওয়া দেশের সব বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে চলাচলকারী দেশি-বিদেশি সব এয়ারলাইন্সের ক্ষেত্রে এই নতুন মূল্য প্রযোজ্য হবে।










কমেন্ট করুন