Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি, আহত যুবদলের ২ কর্মী

ছবি : সংগৃহীত

খুলনা সংবাদদাতা:

খুলনার বটিয়াঘাটা উপজেলার পুটিমারী বাজারে জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ঢুকে গুলি চালানোর ঘটনায় যুবদলের দুই কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। এলাকাটি নগর পুলিশের লবণচরা থানার আওতাধীন।

গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ পুটিমারী বাজার কমিটির সভাপতি এবং জলমা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। আহত অপরজন জাহিদ মাসুম যুবদলের একজন কর্মী।

স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মাসুম বিল্লাহ ও জাহিদ টিনশেডের বিএনপি কার্যালয়ে বসে ছিলেন। এ সময় এলাকার পারভেজ নামে এক ব্যক্তি মোটরসাইকেলে এসে কার্যালয়ে প্রবেশ করেন। এরপর উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে পারভেজ তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। মাসুমের বাঁ পায়ের ঊরুতে এবং জাহিদের ডান হাতে গুলি লাগে। গুলি চালিয়ে পারভেজ দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যান।

গুলির খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, মাসুম বিল্লাহ ও পারভেজ পূর্বপরিচিত। কোনো বিষয় নিয়ে তাঁদের মধ্যে তর্কের ঘটনা ঘটে। একপর্যায়ে পারভেজ পিস্তল দিয়ে মাসুমকে লক্ষ্য করে গুলি করেন। তাঁকে বাঁচাতে গিয়ে জাহিদ গুলিবিদ্ধ হন। পরে মাসুমের পায়েও গুলি করা হয়।

ওসি আরও জানান, আহত দুজন শঙ্কামুক্ত। পারভেজের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন