Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

চীন সফরে সৌরবিদ্যুৎ খাতে বড় চুক্তির আশা : চিফ হুইপ

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে সৌরবিদ্যুৎ খাতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। মঙ্গলবার রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত জাতীয় বাজেট ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক এক আলোচনায় তিনি এ তথ্য জানান।

নুরুল ইসলাম মনি বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে সরকার জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে কর-সুবিধা দিয়েছে এবং প্রয়োজনীয় ভর্তুকি সহায়তা অব্যাহত রেখেছে। তিনি জানান, জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিস্তৃত কর-সুবিধা শিগগিরই ঘোষণা করা হতে পারে।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে। এ খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা, উদ্যোক্তাদের নীতিগত সহায়তা দেওয়া এবং প্রয়োজনীয় প্রণোদনা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

চিফ হুইপ জানান, রাষ্ট্রীয় পর্যায়ে সৌরশক্তির ব্যবহার সম্প্রসারণের অংশ হিসেবে সরকারি ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে চলছে এবং এর সুফল খুব শিগগিরই দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন