ঢাকা অর্থনীতি ডেস্ক:
দীর্ঘ চার মাসেরও বেশি সময় আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। সোমবার ভোররাতে জাহাজটি সফলভাবে প্রণালি পাড়ি দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
বিএসসি সূত্র জানিয়েছে, বর্তমানে জাহাজটি জ্বালানি সংগ্রহের জন্য ফুজাইরার দিকে অগ্রসর হচ্ছে। জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্য নিরাপদ ও সুস্থ রয়েছেন।
গত ফেব্রুয়ারিতে ভারত থেকে পণ্য পরিবহন শেষে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতার থেকে স্টিল কয়েল বহন করে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। তবে মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হয়ে উঠলে নিরাপত্তাজনিত কারণে এর স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।
পরবর্তীতে প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি থাকলেও হরমুজ প্রণালিতে চলাচল সীমিত হয়ে পড়ায় জাহাজটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দরে আটকে যায়। একাধিকবার যাত্রার চেষ্টা করেও প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়।
এ সময় জাহাজটির নিরাপদ চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কূটনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে তৎপরতা চালিয়ে যায়। সাম্প্রতিক যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক সমঝোতার পর পরিস্থিতির উন্নতি হলে জাহাজটির যাত্রাপথ উন্মুক্ত হয়।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘এমভি বাংলার জয়যাত্রা’ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর মাধ্যমে কয়েক মাসের অনিশ্চয়তা কাটিয়ে জাহাজটি এখন নির্ধারিত গন্তব্যের পথে যাত্রা অব্যাহত রেখেছে।










কমেন্ট করুন