ঢাকা অর্থনীতি ডেস্ক:
খুলনায় রাজনৈতিক লংমার্চে অংশগ্রহণ শেষে নেতাকর্মীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এ সময় বাসটির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন এবং বাসে থাকা অন্তত ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।
নিহত পথচারীর নাম আব্দুল খালেক মণ্ডল (৭০)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।
গত শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা চারা বটতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় পুলিশ ও আহত যাত্রীদের সূত্রে জানা যায়, খুলনায় অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের লংমার্চের কর্মসূচি শেষ করে সাতক্ষীরায় ফিরছিলেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
তাদের বহনকারী বাসটি সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি সোজা পাটকেলঘাটা থানার কুমিরা চারা বটতলা এলাকায় সড়কের পাশের একটি গভীর পুকুরে গিয়ে পড়ে।
দুর্ঘটনার সময় বাসটি নিয়ন্ত্রণ হারানোর মুহূর্তে সড়কের পাশে থাকা পথচারী আব্দুল খালেক মণ্ডলকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পাশাপাশি বাসটিতে থাকা ১০-১২ জন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী লংমার্চের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এক পথচারী নিহত হওয়ার পাশাপাশি বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।









কমেন্ট করুন