ঢাকা অর্থনীতি ডেস্ক:
যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, এ কর্মসূচি অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো দেশের অনুমতির প্রয়োজন নেই।
রোববার (২৪ মে) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া বক্তব্যে বাঘাই বলেন, ‘ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে আমরা অবশ্যই আমাদের অর্থ ব্যয় করব। এজন্য কারও অনুমতি নেব না।’
তিনি আরও বলেন, ‘আমরা যদি এটি না করতাম, তাহলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো আমাদের ওপর আধিপত্য বিস্তার করত।’
সামরিক সক্ষমতা ও আঞ্চলিক নিরাপত্তা ঘিরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের এ মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে।
এদিকে সম্প্রতি ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি নিয়ে তাড়াহুড়ো না করতে নিজের প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তিন মাস ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে আসন্ন কোনো বড় অগ্রগতির সম্ভাবনা এখনই দেখছে না তার প্রশাসন, যদিও এর একদিন আগে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত দেওয়া হয়েছিল।
ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, চুক্তি সম্পন্ন, অনুমোদিত এবং স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে ইরানি জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ পুরোপুরি বহাল থাকবে।
তিনি আরও বলেন, উভয় পক্ষকেই সময় নিতে হবে এবং পুরো বিষয়টি সঠিকভাবে সম্পন্ন করতে হবে।
সূত্র: ডন










কমেন্ট করুন