ঢাকা অর্থনীতি ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করেছেন দেশটির একটি আদালত। বিচারক জানিয়েছেন, মেরিল্যান্ডে নতুন ভবন নির্মাণের পূর্বানুমোদিত সিদ্ধান্ত বাতিল করে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান বিল্ডিং বিল্ডিংয়ে কার্যালয় স্থানান্তরের উদ্যোগটি সম্পূর্ণ বেআইনি ছিল।
যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এফবিআইয়ের নতুন সদর দপ্তর কোথায় হবে, তা নিয়ে টানা কয়েক বছরের লড়াইয়ের মধ্যে সোমবার (১৭ আগস্ট) আদালত এই রায় দেন।
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে এফবিআইয়ের নতুন সদর দপ্তরের জন্য মেরিল্যান্ডের গ্রীনবেল্ট এলাকাকে চূড়ান্ত করা হয়েছিল। তবে ট্রাম্প প্রশাসনের মনোনীত কর্মকর্তারা গত বছর সেই সিদ্ধান্ত পরিবর্তন করে এফবিআইকে বিদ্যমান কার্যালয়ের কাছেই ‘রোনাল্ড রিগান বিল্ডিং ’ নামের একটি ভবনে স্থানান্তরের উদ্যোগ নেন।
বারাক ওবামা কর্তৃক নিযুক্ত মার্কিন ডিস্ট্রিক্ট জজ থিওডোর ডি চুয়াং তার রায়ে বলেন, ট্রাম্প প্রশাসনের এই স্থানান্তর পরিকল্পনা ‘আইনসংগত ছিল না’। ফলে রিগান ভবনে এফবিআইকে নেওয়া, ভবনটির সংস্কারকাজ কিংবা এই উদ্দেশ্যে বরাদ্দকৃত অর্থ ব্যবহারের ওপর আদালত নিষেধাজ্ঞা জারি করেন।
আদালতের এই রায়ের পর মার্কিন বিচার বিভাগ কিংবা এফবিআইয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মেরিল্যান্ড অঙ্গরাজ্য সরকার এবং প্রিন্স জর্জ কাউন্টি যৌথভাবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল। রায়ের পর মেরিল্যান্ডের অ্যাটর্নি জেনারেল অ্যান্থনি ব্রাউন এক বিবৃতিতে বলেন, ‘এফবিআই সদর দপ্তর নিজেদের এলাকায় আনতে মেরিল্যান্ড ও প্রিন্স জর্জ কাউন্টি এক দশকের বেশি সময় ধরে কাজ করেছে এবং কোটি কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাম্প প্রশাসনের বেআইনি উদ্যোগ আদালত আটকে দেওয়ায় গ্রিনবেল্টে কার্যালয় নির্মাণের পথ আবার উন্মুক্ত হলো।’
তথ্যসূত্র: সিএনএন, নেব্রাস্কা ডট টিভি










কমেন্ট করুন