Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

আধিপত্যবাদের কাছে মাথা নত করলে সরকারকে ছাড় দেওয়া হবে না: গোলাম পরওয়ার

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কোনো ধরনের আধিপত্যবাদের কাছে বাংলাদেশ মাথা নত করবে না। সরকার যদি আধিপত্যবাদী শক্তির সামনে নতি স্বীকার করে, তাহলে দেশবাসী তা মেনে নেবে না এবং সরকারকেও ছাড় দেওয়া হবে না।

শনিবার (২০ জুন) খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সরকার দ্রুত কর্তৃত্ববাদী শাসনের দিকে এগোচ্ছে। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে ক্ষমতাসীনরা তাদের অবস্থান পরিবর্তন করেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক পদে দলীয়করণ বন্ধসহ ৮৬টি সংস্কার প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছিল। গণভোটে জনগণ এসব সংস্কারের পক্ষেও মত দিয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ঘটনার নিন্দা জানান তিনি।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন শীর্ষ নেতা বক্তব্য দেন। সেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে আলোচনা করা হয়।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন