Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

আনভীর ক্রিকেট স্টেডিয়ামের আধুনিক অবকাঠামো ও সুযোগ-সুবিধায় মুগ্ধ ইংল্যান্ডের প্রতিনিধি দল

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। মূল সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে সফরকারীদের।
সেই প্রস্তুতি ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে সোমবার (১৬ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটিতে অবস্থিত আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল। পরিদর্শনকালে মূল মাঠের পাশাপাশি স্টেডিয়ামের ড্রেসিংরুম, অনুশীলন ব্যবস্থা, জিম, সুইমিংপুলসহ অন্যান্য আধুনিক অবকাঠামো ঘুরে দেখে তারা মুগ্ধতা প্রকাশ করেছেন।
পরিদর্শন কার্যক্রমে ইসিবির প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। এ ছাড়া এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসানও এ সময় সেখানে ছিলেন।
বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। মূল লড়াইয়ে নামার পূর্বে জো রুট, হ্যারি ব্রুক ও জফরা আর্চারদের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। মূলত সেই ম্যাচের ভেন্যু চূড়ান্ত করার লক্ষ্যেই আনভীর ক্রিকেট স্টেডিয়াম ঘুরে দেখেছে ইসিবির দলটি।
পরিদর্শন শেষে ইংল্যান্ডের প্রতিনিধি দল গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য না করলেও স্টেডিয়ামের সুযোগ-সুবিধার প্রশংসা করে সৈয়দ আব্দুল বাতেন বলেন, “২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে। তাদের অনুশীলন সেশন ও প্রস্তুতি ম্যাচের জন্য আমরা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের এই মাঠটি দেখিয়েছি। তারা ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম, সুইমিংপুলসহ সবকিছু ঘুরে দেখেছেন। বসুন্ধরার সুযোগ-সুবিধা অসাধারণ। তারা দেখে খুব খুশি হয়েছেন, বলা যায় অভিভূত।”
আনভীর স্টেডিয়ামের অবকাঠামোগত সক্ষমতা তুলে ধরে বাতেন আরও যোগ করেন, “এ ধরনের সুযোগ-সুবিধা খুব বেশি জায়গায় পাওয়া যায় না। মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুম, সম্প্রচার, মিডিয়া, মেডিক্যাল, দর্শকদের সুযোগ-সুবিধা এবং সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা; সবকিছুই তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন। তারা বেশ সন্তুষ্ট।”
ইংল্যান্ডের প্রতিনিধি দলের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে আশাবাদী এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসানও। তিনি বলেন, “প্রতিনিধি দল এখানকার ড্রেসিংরুমসহ অন্যান্য সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেছে। ফিরে গিয়ে তারা হয়তো নিজেদের বোর্ডকে বিস্তারিত জানিয়ে একটি প্রতিবেদন তৈরি করবে। তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, এখানকার সুযোগ-সুবিধা নিয়ে তারা উচ্ছ্বসিত। আমরা আশাবাদী, নির্দিষ্ট সময়ে ইংল্যান্ড দল এখানে প্রস্তুতি ম্যাচ খেলবে। এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই।”
উল্লেখ্য, এর পূর্বে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলও বাংলাদেশ সফরে এসে এই আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। এবার ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ আয়োজনের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সক্ষমতা ও আধুনিক সুযোগ-সুবিধা প্রদর্শনের আরও একটি সুযোগ পাবে এবিজি স্পোর্টস সিটি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন