ঢাকা অর্থনীতি ডেস্ক:
১৪ বছরের ছেলেটি আইসিইউতে। বাইরে দাঁড়িয়ে দোয়া করছেন মা সোনিয়া আক্তার। তিনি বলছেন, “আল্লাহ, ছেলেকে তোমার পথে দিয়েছি, তোমার কিতাব পড়তে দিয়েছি। তুমিই রহম করো।” রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চার তলায় আইসিইউর সামনে গিয়ে তিনি এভাবেই সন্তানের জন্য হাহাকার করছিলেন।
ছেলের নাম আজিজুল ইসলাম সিয়াম। নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহত আজিজুলকে ঢাকায় আনা হয়েছে। ধোঁয়ায় অসুস্থ আজিজুলের মতো ৬৩ ছাত্রকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এই ঘটনা ভয়াবহ ও অমানবিক। একটি সভ্য সমাজে এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তারা জনগণের শত্রু।
হঠাৎ করেই বাংলাদেশে সন্ত্রাস ও নাশকতার রাজনীতি শুরু হয়েছে। গুপ্ত হামলা, ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও নাশকতার মতো ঘটনা ঘটছে দেশের বিভিন্ন স্থানে। বিশেষ করে টার্গেট করা হয়েছে ঢাকাকে।
গতকাল দেশের বিভিন্ন স্থানে হামলা ও সন্ত্রাসের ঘটনা ঘটে। নতুন করে শুরু হয়েছে শ্রমিক বিক্ষোভও। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চল। সকালে জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করেন শ্রমিকেরা। একপর্যায়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ ঘটনায় দুই পোশাকশ্রমিক আহত হয়েছেন।
নেত্রকোনার মোহনগঞ্জে আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি বগির অন্তত চারটি আসন পুড়ে গেছে। ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি লোকাল বাসে আগুন দেওয়ার ঘটনায় ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখের মৃত্যু হয়েছে। নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন লাগার ঘটনাও ঘটেছে।
শরীয়তপুরের জাজিরায় নানা স্লোগান দিয়ে লগি-বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা অবরোধ, শতাধিক ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি। যারা এসব ঘটিয়েছে, তারা গণতন্ত্রের শত্রু, দেশের মানুষের প্রতিপক্ষ।
বাংলাদেশ এখন এক কঠিন সময় পার করছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের প্রভাব পড়ছে বাংলাদেশেও। তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন এই অবস্থা থেকে উত্তরণের জন্য কাজ করছে, ঠিক তখনই এ ধরনের ঘটনা ঘটছে। আজকের রাজধানী ঢাকা কিংবা মফস্বলের সড়কগুলোর দৃশ্যপট সাধারণ মানুষের মনে এক অদ্ভুত ও আতঙ্কজনক স্মৃতি জাগিয়ে তুলছে। গণপরিবহনে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন, চলন্ত বাস থেকে যাত্রীদের হুড়োহুড়ি করে নেমে প্রাণ বাঁচানোর আকুল চেষ্টা, আর নির্জন রাজপথ কিংবা ব্যস্ত মোড়ে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ, এ যেন সেই পুরোনো ও অতিপরিচিত কোনো চিত্রনাট্যের নতুন পর্ব।
গত দেড় দশকের শাসনকালে জনমনে আতঙ্ক সৃষ্টি, প্রতিপক্ষ ও বিরোধী মতকে নির্মমভাবে দমন এবং শাসনতান্ত্রিক কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে যে “অগ্নিসন্ত্রাস” ও রাষ্ট্রীয় স্পন্সরশিপে নানা নাটকের মহড়া চালানো হতো, আজকের এই ককটেল আর আগুনের ধরন ও চরিত্র ঠিক একই ধারাবাহিকতার সাক্ষ্য বহন করছে। ফলে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, গণ অভ্যুত্থানের মুখে পরাজিত ও শক্তি কি তবে তাদের অস্তিত্বের শেষ ভরসা হিসেবে আবারও সেই চিরচেনা পথেই হাঁটছে? রাজনীতি যখন জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন কি কেবল “নাশকতা”ই হয়ে ওঠে নিষিদ্ধ কোনো গোষ্ঠীর শেষ অস্ত্র?
দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে নাশকতা ও ষড়যন্ত্রের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের ভেতর কিংবা বাইরে থেকে কোনো ধরনের ষড়যন্ত্রই জনগণের ঐক্য ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। জাতীয় স্বার্থে সব পক্ষকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
এমন প্রেক্ষাপটে নাশকতা, সহিংসতা ও দেশবিরোধী যেকোনো তৎপরতার বিরুদ্ধে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দল, সামাজিক শক্তি ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রয়োজনীয়তার কথাই সামনে এসেছে। নাশকতা ও ষড়যন্ত্র মোকাবিলায় বিভাজনের বদলে জাতীয় স্বার্থে সমন্বিত অবস্থানই পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে।
তাই এখন অগ্নিসন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময়। এসব দেশবিরোধী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসের রাজনীতিকে “না” বলতে হবে।










কমেন্ট করুন