Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

জ্বালানি তেল সরবরাহে ১১ চালানে অপারগতা, আওয়ামী-ঘনিষ্ঠ ব্যবসায়ীকে নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

দেশের জ্বালানি তেল নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। চলতি নভেম্বরের জন্য পূর্বনির্ধারিত জ্বালানি তেলের ১১টি চালান সরবরাহে অপারগতা জানিয়েছে চিহ্নিত কয়েকজন সরবরাহকারী। এসব কোম্পানির সঙ্গে পতিত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী সম্পৃক্ত থাকায় বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পলাতক শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ঠিক সেই সময়কে সামনে রেখে একটি গোষ্ঠীর জ্বালানি সরবরাহে অক্ষমতা প্রকাশ কোনোভাবেই কাকতালীয় হতে পারে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, এর পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে।

খাতসংশ্লিষ্টদের মতে, সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী জড়িত কি না, তা খতিয়ে দেখা জরুরি। নইলে মারাত্মক বিপদে পড়তে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। জ্বালানি বিশেষজ্ঞরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কালো তালিকাভুক্তসহ যাঁরা এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত, তাঁদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে।

বাড়তি দরে কার্যাদেশের অভিযোগ

অবাক করার বিষয় হলো, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাতিল করা হলেও আওয়ামী-ঘনিষ্ঠ ওই কোম্পানিকেই বাড়তি দরে ডিজেল ও উড়োজাহাজের জ্বালানি (জেট ফুয়েল) সরবরাহের কাজ দিতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। খোঁজ নিয়ে জানা যায়, এখানেও মারাত্মক কারচুপি করা হয়েছে। অত্যন্ত গোপনে দেওয়া এসব দরপত্রের কারণে কয়েক শ কোটি টাকা বাড়তি গুনতে হবে বাংলাদেশকে।

দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম ছিল ৯.৫০ ডলার ও জেট ফুয়েলের ১০.১৫ ডলার। অন্যদিকে আওয়ামী-ঘনিষ্ঠ ওই কোম্পানিকে ওটিএম (উন্মুক্ত দর পদ্ধতিতে) পরিশোধ করা হবে ডিজেলে ১৬.৬৮ ডলার ও জেট ফুয়েলে ১৭.৮৮ ডলার।

প্যাকেজ-০২ এর আওতায় ২ লাখ ৩০ হাজার টন ডিজেল ও ৪০ হাজার টন জেট ফুয়েলের কার্যাদেশ পেয়েছে চিহ্নিত ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠান “ভিটল এশিয়া”। এ রকম বেশ কয়েকটি প্যাকেজ রয়েছে। শুধু প্যাকেজ-০২ এর বিপরীতেই ১ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ডলার বাড়তি অর্থ গুনতে হবে বাংলাদেশকে। ডলার ১২৩ টাকা হারে ধরলে এক চালানেই সরকারের গচ্চা যাবে প্রায় ১৮২ কোটি টাকা।

খোঁজ নিয়ে জানা যায়, জ্বালানি তেল কেনার ওই প্রক্রিয়ায় ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তকেও বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। গত সেপ্টেম্বরে ওটিএম প্রক্রিয়ায় ৬ লাখ ৫ হাজার টন ডিজেল এবং ৯০ হাজার টন জেট ফুয়েল আমদানির প্রস্তাব চূড়ান্ত করে বিপিসি। এতে প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম ছিল ১৪.৮৫ ডলার এবং জেট ফুয়েলের ১৬.৪৯ ডলার। প্রিমিয়াম বেশি উল্লেখ করে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা অনুমোদন দেয়নি। অথচ তার চেয়েও বেশি প্রিমিয়াম ধরা হয়েছে অত্যন্ত গোপনে দেওয়া ওটিএমে।

সেই কার্যাদেশ পেয়েছেন আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত ডা. এজাজুর রহমান। তিনি বিগত ১৭ বছরে মাফিয়া হয়ে উঠেছেন। ক্ষেত্রবিশেষে বিপিসিও তাঁর কাছে জিম্মি। আবার কখনো কখনো মাসোহারার বিনিময়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির নীরব থাকার অভিযোগও উঠেছে।

নভেম্বরের চালান ও এজাজুরের সংশ্লিষ্টতা

জ্বালানি তেল আমদানিতে বিপিসির তালিকাভুক্ত ১১টি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের ছয়টির লোকাল এজেন্ট ডা. এজাজুর রহমানের মালিকানাধীন সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিস লিমিটেড। কাকতালীয়ভাবে নভেম্বরে তেল সরবরাহে অপারগতা প্রকাশ করা সাতটি চালানেই এজাজুর রহমানের সংশ্লিষ্টতা রয়েছে। এ কারণে আসছে ডিসেম্বরের ষড়যন্ত্র নিয়ে থাকা আশঙ্কাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা।

বিপিসি সূত্র জানিয়েছে, নভেম্বরে জি-টু-জির ক্রয় শিডিউলে থাকা ১১টি চালান সরবরাহে অপারগতা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ইউনিপেক সিঙ্গাপুরের ১৯, ২১, ২২ ও ২৪ নভেম্বর তারিখে তিনটি ডিজেল ও একটি জেট ফুয়েলের চালান, ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকুর (বিএসপি) ২৮ নভেম্বরের ডিজেল, পেট্রোচায়না ইন্টারন্যাশনালের (সিঙ্গাপুর) ১০ নভেম্বরের ডিজেল এবং ওকিউ ট্রেডিং লিমিটেডের (ওকিউটি) ওমান থেকে ২৩ নভেম্বরের মোগাস সরবরাহের কথা ছিল। এসব চালান নভেম্বরে দেশে আসার কথা ছিল, যা দিয়ে পরবর্তী ডিসেম্বরে দেশের চাহিদা পূরণ করা হতো।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, জি-টু-জি ভিত্তিতে প্রতিশ্রুত ডিজেল ও জেট ফুয়েল সরবরাহ না দিলেও বাড়তি দরে ওই কোম্পানির সঙ্গেই রহস্যজনক প্রক্রিয়ায় চুক্তি করা হচ্ছে। এতে বিপিসি পরিচালক (অপারেশন) এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের যোগসাজশ আছে বলে আশঙ্কা করছেন অনেকে। তাঁরা বলছেন, গোপন সমঝোতার ভিত্তিতে প্রিমিয়াম বাড়িয়ে ওটিএম করা হয়েছে। চাইলেই ডিপিএম আগ্রহী তালিকা থেকে কম দামে চূড়ান্ত করার সুযোগ ছিল। অথচ মন্ত্রিসভার আদেশের বাইরে গিয়ে বাড়তি প্রিমিয়ামে নির্দিষ্ট সেই কোম্পানিকে কার্যাদেশ দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে বাড়তি অর্থ বিদেশে ভাগাভাগির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ এজাজুর রহমান এমন কাজে আগে থেকেই সিদ্ধহস্ত। সে কারণে সরকার ও বিপিসির বিভিন্ন স্তরে রদবদল হলেও তিনি বহাল তবিয়তে রয়ে গেছেন। দেশের জ্বালানি চাহিদার সিংহভাগ এখন তিনি একাই নিয়ন্ত্রণ করছেন। ২০২৫-২৬ অর্থবছরে একাই কার্যাদেশ পেয়েছেন প্রায় ৭৮ শতাংশ।

একচ্ছত্র নিয়ন্ত্রণের অভিযোগ

বিপিসির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জি-টু-জি ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোট ৫৫ লাখ ১০ হাজার টন পরিশোধিত জ্বালানি আমদানির কার্যাদেশ দেওয়া হয়। এর মধ্যে প্রায় ৪৩ লাখ টনের কার্যাদেশ গেছে এমন প্রতিষ্ঠানের কাছে, যাদের স্থানীয় প্রতিনিধি বা ব্যবসায়িক সংযোগ ডা. এজাজুর রহমানের প্রতিষ্ঠানের হাতে।

দরপত্রে এমন সব শর্ত জুড়ে দেওয়া হয়, যাতে এজাজুরের কোম্পানি ছাড়া আর কারও পক্ষে কাজ পাওয়া সম্ভব নয়। দরপত্রের শর্তে এমন সব অবাস্তব শর্ত যুক্ত করা হয়েছে, যাতে জ্বালানি তেলের একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকে এজাজের সিন্ডিকেটের হাতে। তাদের কারণে নতুন কোনো প্রতিষ্ঠানের এ খাতে প্রবেশ করা অসম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।

দুঃখজনক হলেও সত্য, সরকার বদলের পরও পরিস্থিতি আগের অবস্থানেই রয়ে গেছে। নভেম্বরে জ্বালানি সরবরাহে অপারগতার বিষয়টি দিয়ে তা আবারও প্রমাণ হচ্ছে। গত জুন-আগস্ট মেয়াদের দরপত্র নথিতে দেখা যায়, তিন মাসের জন্য চারটি প্যাকেজে ৯ লাখ ২৫ হাজার থেকে সর্বোচ্চ ১১ লাখ ৫০ হাজার টন পরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নেয় বিপিসি। প্যাকেজ পিজি-১-এ ৩ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ ৯০ হাজার টন ডিজেল এবং ৭০ হাজার থেকে ৯০ হাজার টন জেট ফুয়েল সরবরাহের কার্যাদেশ পায় ইউনিপেক সিঙ্গাপুর।

পিজি-২-এ ৩ লাখ থেকে ৩ লাখ ৪০ হাজার টন ডিজেল এবং ৬০ হাজার থেকে ৮০ হাজার টন জেট ফুয়েল সরবরাহের কার্যাদেশ পায় ভিটল এশিয়া। পিজি-৩-এ দেড় লাখ থেকে দুই লাখ টন ফার্নেস অয়েল সরবরাহের কার্যাদেশ পায় ট্রাফিগুরা। পিজি-৪-এ ২৫ হাজার থেকে ৫০ হাজার টন অকটেন সরবরাহের কার্যাদেশ পায় আবারও ভিটল এশিয়া।

বিগত সরকারের সময়ে এজাজুর রহমান কীভাবে রাষ্ট্রকে শোষণ করেছেন, তার একটি জ্বলন্ত প্রমাণ মেলে রাজনৈতিক পট পরিবর্তনের পর। ২০২৫ সালের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) জি-টু-জি ভিত্তিতে আনা জ্বালানি তেলের প্রিমিয়াম খরচ কমিয়ে দেওয়ায় ৪২ মিলিয়ন ডলার সাশ্রয় হয়। বিপিসির তৎকালীন চেয়ারম্যান মো. আমিন উল আহসান সাংবাদিকদের বলেছিলেন, যোগদানের পর তিনি দেখতে পান, দরপত্রের মাধ্যমে আনা তেলের তুলনায় জি-টু-জি ভিত্তিতে কেনা তেলের প্রিমিয়াম খরচ দুই থেকে আড়াই ডলার পর্যন্ত বেশি। তখন তাঁরা সরবরাহকারীদের সঙ্গে বৈঠক করে উন্মুক্ত দরপত্রের তুলনায় এক পয়সা হলেও দর কমানোর শর্ত দেন। তাঁদের বলা হয়, উন্মুক্ত দরপত্রে বেশ কিছু ইস্যু থাকে, জি-টু-জিতে নেই, তাই দর কম হতে হবে। এতে ছয় মাসে ৪২ মিলিয়ন ডলার সাশ্রয় করে বিপিসি।

বিপিসির চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বলেন, “আমার মনে হয় না কোনো রকম ষড়যন্ত্র থাকতে পারে। তারপরও বিষয়টি খতিয়ে দেখব।

এজাজুর রহমানের কোম্পানিকেই কার্যাদেশ দেওয়ার কারণ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা তালিকাভুক্ত কোম্পানির বাইরে যেতে পারি না। তবে তালিকাভুক্ত করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে, আমরা মনে করছি নতুন করে বেশ কিছু কোম্পানি পাব।”

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জ্বালানি তেলের দরপত্র নিয়ে যেসব কাণ্ডকারখানা ঘটছে, তাতে বলা যায়, দরপত্র সিন্ডিকেট দ্বারা সব জায়গায় প্রভাবিত। এখানে দরদাতারা নিজেদের পছন্দমতো দর দেন। এমনকি তাঁরা দরের যে হিসাব করেন, সেটাও তাঁদের কাছ থেকে সংশ্লিষ্ট বিভাগ গ্রহণ করে। এ ক্ষেত্রে কেউ জ্বালানি তেলের চালান সরবরাহে অপারগতা প্রকাশ করলে রাষ্ট্রের যে ক্ষতি হবে, তা দায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করতে হবে। একই সঙ্গে তাদের কালো তালিকাভুক্ত করার বিষয়টিও সামনে আনতে হবে।

বিপিসির সবশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে বিদেশি ১১টি প্রতিষ্ঠান জ্বালানি তেল সরবরাহকারী হিসেবে বিপিসির তালিকাভুক্ত। প্রতিষ্ঠানগুলো হলো: ইউনিপেক (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড, পিটি বুমি সিয়াক পুসাকু (বিএসপি)-জাপিন ইন্দোনেশিয়া, পেটকো ট্রেডিং লাবুয়ান কোম্পানি লিমিটেড (পিটিএলসিএল) মালয়েশিয়া, পিটিটি ইন্টারন্যাশনাল ট্রেডিং পিটিই লিমিটেড থাইল্যান্ড, ওকিউ ট্রেডিং লিমিটেড (ওকিউটি) ওমান, পেট্রোচায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেড চায়না, অ্যামিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি (ইনোক) সংযুক্ত আরব আমিরাত, ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) ভারত, নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) ভারত, ভিটল এশিয়া পিটিই লিমিটেড সিঙ্গাপুর এবং সায়নোকেম ইন্টারন্যাশনাল অয়েল (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড। প্রতিষ্ঠানগুলো জি-টু-জি ও উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে বিপিসিকে পরিশোধিত জ্বালানি সরবরাহ করে।

ঢাকার কারওয়ান বাজারে বিটিএমসি ভবনের ১০ তলায় রয়েছে বিপিসির লিয়াজোঁ অফিস। একই ভবনের ৮ তলায় ডা. এজাজের ট্রান্সবাংলা কমোডিটিজ ও সেভেন মার্কের কার্যালয়।

এসব বিষয়ে গতকাল রাতে ডা. এজাজুর রহমানের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হয়। কিন্তু ফোনে কোনো সংযোগ পাওয়া যায়নি। অন্য কোনোভাবেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন