Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

নভেম্বরের প্রথম ৯ দিনে ১২৮ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স, প্রবৃদ্ধি ৩১ দশমিক ৬০ শতাংশ

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে ১২৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১৫ হাজার ৯০৯ কোটি ২০ লাখ টাকা। গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৩১ দশমিক ৬০ শতাংশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি মাসের ৯ দিনে আসা মোট রেমিট্যান্সের মধ্যে সোমবার (৯ নভেম্বর) এক দিনেই এসেছে ১৫ কোটি ৩০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ এক হাজার ৮৯৭ কোটি ২০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৯৭ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে ৩১ দশমিক ৬০ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশে মোট এক হাজার ২৭৪ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল এক হাজার ১১২ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৪ দশমিক ৬০ শতাংশ।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন