Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

রাজধানীতে সড়ক থেকে কমে গেল ব্যাটারিচালিত রিকশা, ভোগান্তিতে যাত্রীরা

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

টানা কয়েক দিনের ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে খোলার প্রথম দিনেই রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা ছিল তুলনামূলক কম। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও কর্মজীবীরা। কোথাও কোথাও রিকশার সংকটে যাত্রীদের বাড়তি ভাড়াও গুনতে হয়েছে।

জানা গেছে, ব্যাটারিচালিত রিকশাচালকদের একটি অংশ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিতে যাওয়ায় সড়কে এসব যানবাহনের সংখ্যা কমেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সংগঠন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন এ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ারও কর্মসূচি রয়েছে সংগঠনটির।

সোমবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার সড়কে স্বাভাবিক দিনের তুলনায় কম ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা যায়। মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে চলাচলকারী কয়েকটি অটোরিকশা কয়েকজনকে আটকে দিতেও দেখা গেছে।

রিকশাচালক ইমারত জানান, সমাবেশ উপলক্ষে গত দুই দিন ধরে এলাকায় মাইকিং করা হয়েছে। বিভিন্ন গ্যারেজে লিফলেটও বিতরণ করা হয়েছে। এ সময় তিনি একটি লিফলেট দেখান। তাতে লেখা ছিল, “রাস্তা আছে যেখানে, অটোরিকশা চলবে সেখানে।”

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম নাদিম জানান, বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদান, রুট পারমিট দেওয়া এবং বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করাসহ ১২ দফা দাবিতে সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।

চালকদের সমাবেশে যোগ দিতে বাধ্য করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রিকশা আটকে দেওয়া বা যাত্রীদের নামিয়ে দেওয়ার কোনো নির্দেশনা তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি। যাঁরা স্বেচ্ছায় সমাবেশে আসতে চান, কেবল তাঁদেরই আহ্বান জানানো হয়েছে।

এদিকে সড়কে অটোরিকশা কম থাকায় ভোগান্তির কথা জানিয়েছেন যাত্রীরা। মিরপুর-১৩ নম্বরের আমিন খান বলেন, সকালে বাইরে বের হয়ে তিনি দেখেন, অন্যান্য দিনের তুলনায় অটোরিকশা কম। ফলে গন্তব্যে যেতে তাঁকে ১০ টাকা বেশি ভাড়া দিতে হয়েছে। ইমরান জানান, সড়কে অটোরিকশার সংখ্যা কম থাকায় যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো বেশি ভাড়া চাইছে।

সম্রাট জানান, প্রতিদিন তিনি কলেজ গেটে যাতায়াত করেন। কিন্তু এদিন দীর্ঘ সময় অপেক্ষা করেও অটোরিকশা কিংবা মোটরসাইকেল কোনোটিই পাননি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন