Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

বৈশ্বিক সংকট মোকাবিলায় বিপিসির ৯০ দিনের জ্বালানি মজুত পরিকল্পনা

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
আন্তর্জাতিক বাজারের অস্থিরতার মুখে শিল্পকারখানার উৎপাদন নিরবচ্ছিন্ন রাখা এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ৯০ দিনের চাহিদার সমপরিমাণ জ্বালানি তেল মজুদের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার।
রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম জানান, সরকারি পরিকল্পনা অনুযায়ী জ্বালানি তেলের কৌশলগত মজুত সক্ষমতা বর্তমান ৬০ দিন থেকে বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৭১ দিন এবং ২০২৭ সালের মধ্যে ৯০ দিনে উন্নীত করার কাজ চলছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দেশের জ্বালানি বাজার স্থিতিশীল রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বিপিসি চেয়ারম্যান বলেন, নিজস্ব সংরক্ষণ অবকাঠামো সম্প্রসারণ, নতুন ডিপো নির্মাণ, অব্যবহৃত ট্যাংক সংস্কার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্বৃত্ত ট্যাংক ভাড়ায় নেওয়ার মাধ্যমে এই লক্ষ্যমাত্রা অর্জন করা হবে। বর্তমানে সংস্থাটির আওতায় পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলসহ ছয়টি কোম্পানির মোট জ্বালানি তেল সংরক্ষণ সক্ষমতা ১৫ লাখ ৪৪ হাজার ৬৬ টন। বিপিসির নিজস্ব সক্ষমতায় বর্তমানে ৫৭ দিনের ডিজেল, ৪৬ দিনের অকটেন, ২৯ দিনের পেট্রোল এবং ৭৮ দিনের ফার্নেস অয়েল মজুত রাখা যায়।
পরিকল্পনা অনুযায়ী, বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোর ৮২ হাজার ২০০ টন ধারণক্ষমতার অবকাঠামো সংস্কার করে পুনরায় চালু করা হবে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ‘ওমেরা’র ৩০ হাজার টন ধারণক্ষমতার মজুত সুবিধা ভাড়ায় নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি সিলেট ও ভৈরব বাজার ডিপোসহ পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের খালি জায়গায় অতিরিক্ত ডিপো ও ট্যাংক নির্মাণের একাধিক প্রকল্প চলমান রয়েছে।
জাতীয় জ্বালানি নীতি-১৯৯৬ অনুযায়ী দেশে ৬০ দিনের কৌশলগত মজুত রাখার বিধান রয়েছে। ২০২৩ সালের প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৬ সালে দেশে মোট জ্বালানি তেলের চাহিদা ধরা হয়েছে ৮৪ লাখ ২৬ হাজার ৪০০ মেট্রিক টন, যার মধ্যে ৪৪ লাখ ৭৩ হাজার টনই ডিজেল।
বিশেষজ্ঞরা নতুন জমি অধিগ্রহণের চেয়ে অব্যবহৃত ট্যাংক সচল করা ও কম ব্যবহৃত কেরোসিনের ট্যাংক ডিজেল সংরক্ষণে রূপান্তর করার পদক্ষেপকে সাশ্রয়ী ও সময়োপযোগী বলে মত দিয়েছেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন