Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলা হয়েছে। হামলায় এলপিজি সংরক্ষণ ট্যাংকে আগুন লাগায় গ্যাসক্ষেত্রটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর ফলে অঞ্চলটিতে প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত গ্যাসক্ষেত্রটিতে এ হামলা চালানো হয়। একটি ড্রোন গ্যাসক্ষেত্রের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংরক্ষণ ট্যাংকে আঘাত করলে সেখানে আগুন ছড়িয়ে পড়ে।

কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুটি সূত্র জানিয়েছে, হামলার পরপরই গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ করা হয়। তখনো আগুন জ্বলছিল। নিরাপত্তা বাহিনীর দুটি সূত্রও গ্যাসক্ষেত্র থেকে ধোঁয়া উঠতে দেখার কথা জানিয়েছে।

নিরাপত্তার স্বার্থে গ্যাসক্ষেত্রের কর্মীদের স্থাপনার ভেতরে থাকা আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলী আল-জায়েদি জানিয়েছেন, প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে হামলাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, হামলার প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

কুর্দিস্তান অঞ্চলের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে খোর মোর গ্যাসক্ষেত্র থেকেই গ্যাস সরবরাহ করা হয়। তাই এর কার্যক্রম বন্ধ হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়েছে। অঞ্চলটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলার কারণে প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।

এর আগেও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছিল গ্যাসক্ষেত্রটি। যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডানা গ্যাস গত জুলাইয়ে নিরাপত্তা হুমকি ও আঞ্চলিক উত্তেজনার কারণে প্রধান উৎপাদন স্থাপনাগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। তবে কিছুদিন পর আবার উৎপাদন শুরু হয়।

সূত্র: রয়টার্স

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন