Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৩১৮

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৮ জন সন্দেহজনক হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮২ জন।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে। আর পরীক্ষামূলকভাবে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন একা ঢাকা বিভাগেই। এছাড়া এই ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচজন এবং ময়মনসিংহ বিভাগে একজনসহ মোট ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন রোগী। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ২০৪ জন।

অপরদিকে, গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন রোগী ছাড়পত্র লাভ করেছেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন