Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ওসমান হাদি হত্যা মামলা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ৭ ডিসেম্বর

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
নির্ধারিত দিনে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এই তারিখ নির্ধারণ করেন। পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে পল্টন থানার বক্স কালভার্ট রোড এলাকায় দুষ্কৃতকারীরা শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হামলার পর গুরুতর আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজন করার আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেছিলেন। তবে ডিবির দাখিল করা ওই চার্জশিটের প্রতি অনাস্থা ও অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষ আদালতে নারাজি আবেদন দাখিল করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন।
ডিবির দেওয়া চার্জশিটে মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছিল। যার মধ্যে ১১ জন আসামি বর্তমানে কারাগারে আটক রয়েছেন এবং বাকি ৬ জন পলাতক রয়েছেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন