Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

আমার ছেলে সাঁতার জানত, মূল ঘটনা আড়ালের চেষ্টা চলছে: তাহসিফের বাবা

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
নিখোঁজ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি সাঁতার জানতেন বলে দাবি করে তাঁর বাবা এ কে এম এনায়েতুল করিম অভিযোগ করেছেন, মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এ ধরনের কিছু হতে পারে না। কেন তাকে ধাওয়া দিতে যাবে? এগুলো বাজে কথা, প্রশ্নই আসে না। আমার ছেলে সাঁতার জানত। ও তো পাইলট। ওদের সুইমিংয়ের কোর্স করা এবং তার ওপর সার্টিফিকেট আছে। সাঁতারের ওপর বড় ধরনের কোর্স করা আছে আমার ছেলের।”
আজ শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআইকে ছোট ভাই দীপের দেওয়া তথ্যের সত্যতা নিয়ে জানতে চাওয়া হলে সংবাদমাধ্যমের কাছে এমন মন্তব্য করেন তাহসিফের বাবা।
কোনো ষড়যন্ত্র বা প্রকৃত ঘটনা ঢেকে ফেলার আশঙ্কা করছেন কি না—এমন প্রশ্নে তিনি জানান, “স্বাভাবিকভাবে তো এটাই মনে হয়। আর ওকে ধাওয়া দেবে কেন লোকজন, কেন তাকে কেউ ধাওয়া দেবে? ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা চলছে বলে আমার মনে হচ্ছে।”
জানা যায়, সাবেক এই বিমানবাহিনী কর্মকর্তা নিখোঁজ হওয়ার আগে ছোট ভাই দীপের ডাকেই বাসা থেকে বেরিয়েছিলেন। সে সূত্র ধরে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে দীপকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা মেট্রো উত্তর টিম হেফাজতে নেয়। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর বিভিন্ন স্থানে পুলিশি অভিযান চালানো হয়।
পিবিআইয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন—ঘটনার রাতে তারা একটি নির্দিষ্ট স্থানে কথা বলছিলেন। ওই সময় হঠাৎ কিছু লোক ধাওয়া করলে তাহসিফ প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন এবং দীপ নিজে সেখান থেকে পালিয়ে আত্মরক্ষা করেন।
সার্বিক বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল জানান, দীপকে হেফাজতে নেওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তবে চলমান তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন