Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

নায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় ম্যানেজারসহ দুজন কারাগারে

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
প্রয়াত চিত্রনায়ক মান্নার ব্যবহৃত একটি পুরনো গাড়ি মেরামতের কাজ করার সময় অগ্নিকাণ্ডের আকস্মিক দুর্ঘটনায় দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ আসামিদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
কারাগারে প্রেরিত দুই আসামি হলেন মান্নার পরিবারের ম্যানেজার মো. মামুন মন্ডল (২৯) এবং গাড়ির টেকনিশিয়ান মো. সোহেল পাটওয়ারী (৩৭)।
এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম তাদের জামিনের আবেদন জানালে বিচারক জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, গাড়িটি দীর্ঘ সময় ধরে অব্যবহৃত অবস্থায় পড়েছিল। পরবর্তীতে সেটি মেরামতের উদ্যোগ নেওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে হুট করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মামলার বিবরণে জানা যায়, রাজধানীর ভাটারা এলাকার একটি বাড়ির নিচতলার পার্কিং গ্যারেজে চিত্রনায়ক মান্নার স্ত্রী সেলির মালিকানাধীন ‘ঢাকা মেট্রো-গ-১৫-০৭৭৫’ নম্বরের প্রাইভেট কারটি দীর্ঘদিন ধরে অলস পড়ে ছিল। গাড়িটির নিচ থেকে তেল পড়ার দাগ দেখতে পেয়ে বাড়ির কর্তৃপক্ষ গাড়িটির মালিককে তা সরিয়ে নেওয়ার তাগিদ দেয়।
এর প্রেক্ষিতে মালিক পরিবার গাড়িটি গ্যারেজ থেকে বের করে কোনো ওয়ার্কশপে নিয়ে যাওয়ার জন্য ম্যানেজার মামুনকে নির্দেশ দেন। তবে নির্দেশনা অমান্য করে গত ২৬ অক্টোবর মামুন ও টেকনিশিয়ান সোহেল গাড়িটি বাইরে না নিয়ে পার্কিংয়ের গ্যারেজের ভেতরেই মেরামতের কাজ শুরু করেন।
ওই দিন আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং পার্কিংয়ে থাকা পাশের আরেকটি প্রাইভেট কারেও এর আঁচ লাগে। এছাড়া অগ্নিকাণ্ডে গ্যারেজের বৈদ্যুতিক তার, সিসিটিভি ক্যামেরা, মূল গেটের শাটারসহ নানা সরঞ্জাম পুড়ে যায় এবং তীব্র তাপে ভবনের বিভিন্ন অংশের কাচও ভেঙে চুরমার হয়ে যায়। সবমিলিয়ে এই দুর্ঘটনায় প্রায় ৯০ লাখ টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভবনটির ম্যানেজার মো. গাজি মানিক মিয়া বাদী হয়ে ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে তদন্ত শুরু করে এবং মঙ্গলবার বেলা ১১টার দিকে অভিযুক্ত মামুন ও সোহেলকে গ্রেপ্তার করে।
সূত্র: আদালত ও পুলিশ সূত্র

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন