Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

ব্যাচেলর পয়েন্টে যুক্ত হলেন রাফসান ও সুনেরাহ

ঢাকা অর্থনীতি ডেস্ক:
আলোচিত নাট্য ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন কিস্তিতে দেখা যাবে কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই এবং অভিনেত্রী সুনেরাহকে। নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এই নাটকের ‘চ্যাপ্টার ১৪’ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ভিডিও স্ট্রিমিং অ্যাপ বঙ্গ-তে দেখা যাবে।
গত কিস্তিতে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ঘটনা সাজানো হলেও এবারের কিস্তিতে আসছে ভিন্ন বার্তা। নতুন অধ্যায়ের অন্যতম প্রধান চমক হিসেবে থাকছে রাফসান ও সুনেরাহর উপস্থিতি।
ব্যাচেলর বাসার পরিচিত মারামারি ও বিনোদনের মাঝে এই দুজনের যুক্ত হওয়া নাটকের মোড় কোন দিকে ঘোরায়, তা নিয়ে দর্শকের কৌতুহল তুঙ্গে। তারকা জুটির আগমন নাটকের উত্তেজনা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।
শারীরিক অসুস্থতাজনিত বিরতির পর ‘চ্যাপ্টার ১৩’ নিয়ে ফিরে দর্শকদের দারুণ ভালবাসা পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম। দর্শকের প্রত্যাশা বজায় রাখতেই বিরতি না দিয়ে নতুন খবর নিয়ে হাজির হচ্ছেন পরিচালক কাজল আরেফিন অমি।
বৃহস্পতিবার একযোগে সন্ধ্যা ৭টায় বঙ্গ-তে ‘চ্যাপ্টার ১৪’-এর নতুন ৮টি পর্ব উন্মুক্ত হতে যাচ্ছে, যা নম্বর হিসেবে ১০৫ থেকে ১১২ নম্বর পর্ব।
অ্যাপস বঙ্গের পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট’ ছোট পর্দায় দেখা যাচ্ছে চ্যানেল আই-তে এবং ইউটিউব প্ল্যাটফর্মে দেখা যাবে বুম ফিল্মসের অফিশিয়াল চ্যানেলে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন