Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

শত্রুকে এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না: ইরানের নৌ-প্রধান

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
ইরানের সশস্ত্র বাহিনী তাদের পূর্ণ শক্তি নিয়ে শত্রুর যেকোনো পদক্ষেপ ব্যর্থ করে দিতে তৈরি রয়েছে এবং শত্রুপক্ষকে এক পা-ও সামনে এগোতে দেওয়া হবে না বলে সতর্ক করেছেন দেশটির সেনাবাহিনীর নৌপ্রমুখ রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি।
শুক্রবার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি দেশের দক্ষিণ অংশের কৌশলগত গুরুত্ব ব্যাখ্যা করে মন্তব্য করেন, গুরুত্বপূর্ণ প্রণালি ও সামুদ্রিক পথগুলো ইসলামিক প্রজাতন্ত্র ইরানের জন্য ভীষণ তাৎপর্যপূর্ণ। এই সব অঞ্চলে জোরালো উপস্থিতি বজায় রেখে নৌবাহিনী দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ সুরক্ষার কাজ সুচারুভাবে সম্পন্ন করে যাচ্ছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, শত্রুপক্ষকে সীমানা টপকাতে দেওয়া হবে না। আজ পর্যন্ত ইরানের সামরিক বাহিনীর সর্বোচ্চ নজরদারি ও সজাগ দৃষ্টিভঙ্গির দরুন শত্রুরা তাদের অশুভ উদ্দেশ্য হাসিল করতে পারেনি।
রিয়ার অ্যাডমিরাল ইরানি উল্লেখ করেন, শত্রুপক্ষকে ইসলামিক প্রজাতন্ত্রের পবিত্র মাটি স্পর্শ করতে না দেওয়াই ইরানের মূল দায়িত্বের অংশ। যদি কেউ এমন দুঃসাহস দেখানোর চেষ্টা চালায়, তবে তাকে ইরানের সশস্ত্র বাহিনীর কঠিন উত্তরের মুখোমুখি হতে হবে।
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আজ ইরানের জনগণের সন্তানরা সমুদ্রে অবস্থান করছে এবং তারা শত্রুকে এক পা-ও এগোতে দেবে না।”
অ্যাডমিরাল আরও সংযোজন করেন, ইরানের সামরিক বাহিনী পূর্ণ শক্তি সম্বলিত হয়ে প্রস্তুত রয়েছে। ইতিপূর্বেও যা স্পষ্ট করা হয়েছে, শত্রু যদি নিজের সমস্ত সামর্থ্য নিয়ে ময়দানে নামে, ইরানও তাদের পূর্ণ শক্তির প্রয়োগ ঘটিয়ে তা প্রতিহত করবে।
ইরানের সামরিক শক্তি ও প্রতিরোধ বুহ্য তৈরিতে সাধারণ জনতার ভূমিকা স্মরণ করে রিয়ার অ্যাডমিরাল ইরানি বলেন, দেশটির নাগরিকদের অবিচল সংকল্প ও আত্মশক্তিই মূলত শত্রুপক্ষকে স্তব্ধ করে রেখেছে।
সূত্র: পার্সটুডে

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন