Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

আইইএলটিএস ছাড়াই যেসব আন্তর্জাতিক স্কলারশিপে আবেদনের সুযোগ

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা কিংবা বৈশ্বিক কর্মক্ষেত্রে ইংরেজি ভাষার পারদর্শিতা প্রমাণের প্রধান ও জনপ্রিয় মাধ্যম আইইএলটিএস (International English Language Testing System)। তবে পরীক্ষার উচ্চ ফি এবং প্রস্তুতি নেওয়ার ঝামেলার কারণে অনেকেই স্বপ্নের এই সুযোগ থেকে দূরে সরে যান। এমন পরিস্থিতিতে পৃথিবীর বেশ কিছু নামী বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ প্রদানকারী প্রতিষ্ঠান আইইএলটিএসের বিকল্প যোগ্যতা বিবেচনা করছে।
২০২৬ শিক্ষাবর্ষে কানাডা, জার্মানি, সুইডেন, হাঙ্গেরি, ফ্রান্স ও কাতারসহ বেশ কয়েকটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বৃত্তিতে আইইএলটিএস ছাড়াই আবেদন গ্রহণ করা হচ্ছে। ক্ষেত্রেবিশেষে পূর্ববর্তী ডিগ্রি ইংরেজিতে শেষ করার প্রমাণপত্র, টোয়েফল, ডুয়োলিঙ্গো ইংলিশ টেস্ট (DET) কিংবা স্ব স্ব প্রতিষ্ঠানের নিজস্ব ভাষার সনদ দিয়ে আবেদন করা যাবে। তবে শর্তগুলো প্রতিষ্ঠান ও বিষয় অনুযায়ী আলাদা হতে পারে।
আইইএলটিএস ব্যতিরেকে যেসব স্কলারশিপে আবেদনের সুযোগ থাকছে:
১. সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ, সুইডেন
মনোনীত শিক্ষার্থীরা শতভাগ টিউশন ফি মওকুফ সুবিধার পাশাপাশি মাসভিত্তিক ভাতা, হেলথ ইন্স্যুরেন্স ও এককালীন যাতায়াত খরচ পেয়ে থাকেন।
২. এসবিডব্লিউ বার্লিন স্কলারশিপ, জার্মানি
এই স্কলারশিপে টিউশন ফি মওকুফের সুবিধা ছাড়াও থাকার জায়গা এবং মাসিক স্টাইপেন্ড পাওয়ার ব্যবস্থা রয়েছে।
৩. দোহা ইনস্টিটিউট স্কলারশিপ, কাতার
Tamim এবং SANAD স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফ, আবাসন সুবিধা, মাসিক ভাতা ও স্বাস্থ্যবিমা পান।
৪. স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম–ইউনিভার্সিটি অব ডেব্রেচেন, হাঙ্গেরি
স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা এই সরকারি অর্থায়িত উচ্চশিক্ষা কর্মসূচিতে সুযোগ পেয়ে থাকেন।
৫. ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, ইউরোপ
ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনার প্ল্যাটফর্ম দেওয়া এই ফান্ডে টিউশন ফি, মাসিক হাতখরচ ও ভ্রমণ ব্যয়সহ নানা আর্থিক সুবিধা অন্তর্ভুক্ত থাকে।
৬. ইএনএস ইন্টারন্যাশনাল সিলেকশন স্কলারশিপ, ফ্রান্স
এই স্কলারশিপের মাধ্যমে মনোনীত শিক্ষার্থীরা নির্দিষ্ট মেয়াদ ধরে মাসিক আর্থিক সাহায্য এবং আবাসন সংক্রান্ত সুবিধাদি ভোগ করে থাকেন।
৭. ইউনিভার্সিটি অব পেকস স্কলারশিপ, হাঙ্গেরি
ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফসহ বিবিধ আর্থিক সুবিধা দেওয়া হয়।
আইইএলটিএস ছাড়া আবেদনের ক্ষেত্রে যেসব বিকল্প যোগ্যতার প্রমাণ লাগতে পারে:
আইইএলটিএস ছাড়া আবেদন জমা দিতে শিক্ষার্থীদের পছন্দের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভাষার শর্ত পূরণ করা আবশ্যক। সচরাচর যেসব নথি চাওয়া হয়—
  • পূর্ববর্তী শিক্ষা কার্যক্রম ইংরেজিতে সম্পন্ন করার দলিলপত্র;
  • পূর্ববর্তী বিদ্যাপীঠ থেকে প্রাপ্ত Medium of Instruction (MOI) সনদ;
  • মূল কাগজটি শিক্ষাপ্রতিষ্ঠানের অফিশিয়াল প্যাডে হতে হবে এবং তা যথাযথ স্বাক্ষর ও সিলমোহরযুক্ত হতে হবে;
  • কিছু কিছু বিদ্যাপীঠ বিকল্প পরীক্ষা হিসেবে TOEFL বা Duolingo English Test-এর স্কোর গ্রহণ করে থাকে।
তবে আইইএলটিএস লাগবে না—এই নিয়মটি সকল প্রতিষ্ঠান, বিষয় বা স্কলারশিপের জন্য ঢালাওভাবে প্রযোজ্য নয়। তাই চূড়ান্ত আবেদনের পূর্বে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপের মূল ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্যাদি মিলিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন