ঢাকা অর্থনীতি ডেস্ক:
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং এবং পলিটিকাল অ্যাটাশে রু কি উপস্থিত ছিলেন। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে বৈঠকটি সম্পন্ন হয়।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। আগামী দিনে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ প্রকাশ করেন তারা। দ্বিপক্ষীয় সহযোগিতা ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে উভয় দেশ একযোগে কাজ করবে বলেও মত দেন তারা।
এ ছাড়া তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ ইকোনমিক করিডোর এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রোহিঙ্গা সমস্যার আশু সমাধান এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তনে চীন সরকারের সহযোগিতা কামনা করেন বিরোধীদলীয় নেতা।
বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বের গুরুত্বও বৈঠকে তুলে ধরা হয়। জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ ও সাংস্কৃতিক বিনিময়ে এই বন্ধুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বলে উভয় পক্ষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।










কমেন্ট করুন