Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ইতালিতে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের প্রকোপ, প্রাণহানি ১৭

ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক:
ইতালিতে কিউলেক্স মশার মাধ্যমে ছড়িয়ে পড়া ওয়েস্ট নাইল ভাইরাসের প্রাদুর্ভাব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশটিতে মোট ৪৩২ জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং এদের মধ্যে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের।
গত বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ ও ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ যৌথভাবে প্রকাশিত এক প্রতিবেদনে এই নিশ্চিত হওয়া সংক্রমণের পরিসংখ্যান সামনে এনেছে।
প্রকাশিত তথ্যানুযায়ী, ভাইরাসের মারাত্মক রূপ নিউরোইনভেসিভ অর্থাৎ স্নায়ুতন্ত্রে আক্রমণকারী কেসের ক্ষেত্রে চলতি বছর মৃত্যুহার দাঁড়িয়েছে ৭.২ শতাংশে। গত বছরের এই একই সময়ে এই মৃত্যুর হার ছিল ১৩.৯ শতাংশ।
সংস্থার পুরোনো তথ্যে দেখা যায়, ২০২৫ সালের পুরো সময়ে ইতালিতে সর্বসাকুল্যে ৪৩০ জনের দেহে এই ভাইরাসের উপস্থিতি চিহ্নিত হয়েছিল, যেখানে মারা যান ২৭ জন। যার অর্থ হলো, আগের পুরো বছরের পরিসংখ্যানকে ইতিমধ্যেই টপকে গেছে চলতি বছরের আক্রান্তের হিসাব।
মূলত পাখি, ঘোড়া এবং মানুষ এই ভাইরাসের প্রধান শিকার হয়। সংক্রমিত পাখিকে কামড় দেওয়ার পর সেই মশা অন্য কোনো প্রাণী বা মানুষকে কামড়ালে ওয়েস্ট নাইল ভাইরাস ছড়াতে শুরু করে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেওয়া তথ্যানুসারে, ভাইরাসে আক্রান্তদের মধ্যে প্রায় ৮০ শতাংশেরই কোনো বাহ্যিক লক্ষণ প্রকাশ পায় না। প্রায় ১৯ শতাংশের শরীরে স্বাভাবিক ফ্লু-এর মতো জ্বর, মাথাব্যথা কিংবা শরীরে তীব্র যন্ত্রণার মতো লক্ষণ দেখা দেয়। তবে মাত্র ১ শতাংশের মতো রোগীর স্নায়ুতন্ত্রের মারাত্মক জটিলতায় পড়ার ঝুঁকি তৈরি হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন