ঢাকা অর্থনীতি ডেস্ক:
সৌদি আরবের কথিত অব্যাহত সামরিক হামলা এবং ইয়েমেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাতের জবাবে লোহিত সাগরের কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি-সমর্থিত সশস্ত্র বাহিনী। পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে শুধু বাব আল-মান্দেব নয়, হরমুজ প্রণালিও বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। এতে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হুথি আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ সোমবার এক সতর্কবার্তায় বলেন, সৌদি আরবের সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছে যেতে পারে। এতে বৈশ্বিক অর্থনীতি নতুন সংকটের মুখে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, ইয়েমেনের বিরুদ্ধে যেকোনো নতুন আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে সানা। প্রয়োজনে সৌদি আরবের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এই হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে এর জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবকে দায়ী করেন তিনি। দীর্ঘদিনের অচলাবস্থার পর বেসামরিক অবকাঠামো ও বিমানবন্দরে হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আনসারুল্লাহ আন্দোলনের নেতা আলী আল-কাহুম বলেছেন, ইয়েমেনের ওপর দীর্ঘ ১১ বছর ধরে চলা অবরোধ ভাঙার লড়াই অব্যাহত থাকবে। সৌদি আরবকে সতর্ক করে তিনি জানান, উসকানিমূলক পদক্ষেপের পরিণতি তাদেরই বহন করতে হবে।
উল্লেখ্য, বাব আল-মান্দেব ও হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এই দুটি নৌপথে যেকোনো বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক তেল সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে।
সূত্র: প্রেস টিভি










কমেন্ট করুন