Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
লোটন একরাম। ছবি : সংগৃহীত

ডিবিসি নিউজের সাবেক সম্পাদক লোটন একরাম নেতৃত্বে বাংলাদেশ প্রতিদিন

ঢাকা অর্থনীতি ডেস্ক:

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনে নতুন সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক লোটন একরাম। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পত্রিকাটির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সম্পাদকের দায়িত্বভার নেন তিনি।

যোগদানের আগে সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন ডিবিসি নিউজের সম্পাদকের পদে ছিলেন লোটন একরাম। একই অনুষ্ঠানে বিদায়ী সম্পাদক প্রবীণ সাংবাদিক আবু তাহেরকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী বলেন, “বাংলাদেশ প্রতিদিন জনগণের পছন্দের তালিকায় দীর্ঘ সময় শীর্ষে রয়েছে। আগের নেতৃত্বের মতো নতুন নেতৃত্বেও পত্রিকাটি আধুনিকতার ছোঁয়ায় শীর্ষ অবস্থান ধরে রাখবে বলে আশা করি।”

নতুন দায়িত্ব গ্রহণ করে লোটন একরাম বলেন, বাংলাদেশ প্রতিদিনের দীর্ঘদিনের অভিজ্ঞ সাংবাদিকরা এই পত্রিকাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রিন্ট মিডিয়ার খবরের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ প্রতিদিন।

বিদায় বেলায় আবু তাহের দীর্ঘদিনের কর্মক্ষেত্রে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতায় নিবেদিত লোটন একরাম ডিবিসি নিউজের পাশাপাশি সমকাল, যুগান্তর ও দৈনিক আজকের কাগজে অনেক সাড়াজাগানো রাজনৈতিক প্রতিবেদন রচনা করেছেন। নির্মোহ সাংবাদিকতার জন্য পরিচিত এই সাংবাদিক ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সী বাড়ির সন্তান।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন